খুবই অস্বস্তিতে আছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। কারণ কিছুদিন পরপরই বিভিন্ন মিডিয়া থেকে তার বাসায় ফোন করে কুশল জানতে চাওয়া হয়। এমনিতেই কোনো খোঁজখবর নেওয়ার হলে ভালো ছিল। এ ছাড়া দেশের বরেণ্য এই অভিনেতা এটিএম শামসুজ্জামান মিডিয়ার বাড়তি প্রচার থেকেও খানিকটা দূরেই থাকতে চান। এই অবস্থায় গত কয়েক মাস যাবত্ কিছুদিন পরপরই তার মৃত্যুগুজব ছড়ানো হচ্ছে ডিজিটাল আকাশে বাতাসে। বিশেষ করে কিছু অনলাইন নিউজে এই খবর প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে তা সারা দেশে ছড়িয়ে যায়।
এই বিব্রতকর পরিস্থিতি প্রসঙ্গে অভিনেতা এটিএম শামসুজ্জামান বিনোদন প্রতিদিনকে বলেন, ‘মিডিয়ার ভাই ও বোনেরা আমাকে ফোনে খোঁজখবর নিচ্ছে এটা খুবই সুখের কথা। কিন্তু ফোন করে যখন জানতে চান—আপনি কি সত্যিই এটিএম শামসুজ্জামান। মানে আমরা তো শুনলাম আপনি নাকি মারা গেছেন?
এ ধরনের কথা শুনলে কার ভালো লাগে বলুন। বয়স হয়েছে একদিন না একদিন তো যেতেই হবে। কিন্তু এই ধরনের বিভ্রান্তির খবর ছড়ানো থেকে প্লিজ আমাকে একটু রেহাই দিন।’ উল্লেখ্য, বরেণ্য এই অভিনেতা এখনও নিয়মিত ছোট ও বড় পর্দায় অভিনয় করছেন। সর্বশেষ তার অভিনীত চলচ্চিত্র ‘চোরাবালি’ দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
