লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি আমলের কর্মকর্তাদের নতুন প্রশাসন থেকে নিষিদ্ধকরণের দাবিতে রবিবার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে রেখেছে সশস্ত্র বন্দুকধারীরা। পিকআপ ভ্যানে বিমান বিধ্বংসী কামান নিয়ে মন্ত্রণালয়ের দিকে তাক করে ত্রিপোলীর রাস্তা দখল করেছে তারা। একে-৪৭ রাইফেল এবং স্নাইপার রাইফেলধারী আন্দোলনকারীরা ঐ ভবনে সরকারি কর্মকর্তাদের প্রবেশেও বাধা সৃষ্টি করেছে। গাদ্দাফিকে উত্খাতের লড়াইয়ের সময় গড়ে ওঠা রক্ষীবাহিনীকে সমপ্রতি দেশটির নতুন সরকার তাদের ঘাঁটিগুলো থেকে উচ্ছেদ করার অভিযান শুরু করায় সরকার ও সশস্ত্র রক্ষীসেনাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাদ্দাফি আমলের কর্মকর্তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করার আইনের দাবিতে রক্ষীবাহিনী সোচ্চার হয়ে ওঠে। আইনের মাধ্যমে তাদের রাজনীতিতে প্রবেশের সুযোগ বন্ধ করতে যে নীতিমালা তৈরি হয়েছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রক্ষীবাহিনী। বিষয়টিতে আইনের পরিভাষা নিয়ে লিবিয়ার কর্মকর্তারাও একমত হতে পারছেন না।
লিবিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আলী জিদান এক সংবাদ সম্মেলনে জনসাধারণের প্রতি আহবান জানিয়ে বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের প্রতিহত করুন। তিনি অভিযোগ করেন, বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তবে দেশটির বার্তা সংস্থা লানা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের সাথে সম্পর্কিত নয়।
