উত্তর কোরিয়া বড় ধরনের সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। দুই কোরিয়ার মাঝে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ প্রস্তুতি নেয়া হচ্ছে। গত ডিসেম্বরে উ.কোরিয়ার রকেট উেক্ষপণ ও ফেব্রুয়ারিতে পারমাণবিক পরীক্ষা চালানোর পর কোরীয় উপদ্বীপ সামরিক উত্তেজনা জোরদার এবং পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে পড়েছে। এ প্রেক্ষাপটে প্রতিবেশী দুই দেশের যৌথ শিল্পাঞ্চল থেকে দক্ষিণ কোরিয়ার লোকজনকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় নামপো বন্দরের কাছে ব্যাপকভিত্তিক এ মহড়ার প্রস্তুতি চলছে। এতে গোলন্দাজ ইউনিট ও যুদ্ধবিমানও অংশ নেবে। দ. কোরীয় সরকারের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে সে দেশের সংবাদ সংস্থা ইয়োনহ্যাপের খবরে বলা হয়, সামরিক মহড়া বড় আকারের হবে বলে ধারণা করা হচ্ছে।
