দেলদুয়ারের বিভিন্ন নদী থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালীরা। মাটি কাটার এই মহোত্সব চলছে দীর্ঘদিন ধরে। প্রশাসন সাময়িক ব্যবস্থা নিলেও আবার শুরু করা হয়েছে মাটি কাটা। বর্ষা মৌসুমে লৌহজং, এলেংজানী ও ধলেশ্বরী নদীসহ দেলদুয়ারের বিভিন্ন নদী থেকে ড্রেজার দিয়ে চলে অবৈধভাবে বালু উত্তোলন। বর্তমানে শুষ্ক মৌসুমে দেলদুয়ারের লৌহজং ও এলেংজানী নদীর বিভিন্ন জায়গায় ভেকু দিয়ে ও শ্রমিক লাগিয়ে ট্রাকে করে মাটি বিক্রি করা হচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায় বথুলী, রত্নাউরী, ভাটপাড়া, দেলদুয়ার ও মির্জাপুরের সীমান্তবর্তী মাঝালিয়া থেকে প্রতিদিন শত শত ট্রাক মাটি কেটে নেয়া হচ্ছে। অনুসন্ধানে জানা যায় এসব মাটির অধিকাংশ একটি বৃহত্ শিল্প-কারখানার কাছে বিক্রি করা হচ্ছে জায়গা ভরাট করার জন্য। নামপ্রকাশ না করার শর্তে একজন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বলেন, আমার এলাকায় নদী থেকে মাটি কাটার জন্য একাধিক মামলা করেছি। তাই বর্তমানে মাটি কাটা কিছুটা বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একাধিকবার নিজে গিয়ে ও পুলিশ পাঠিয়ে এসব মাটি কাটা বন্ধ করলেও আবার তা শুরু করা হয়েছে।
