লিগ লড়াইয়ে আগেই খানিকটা পিছিয়ে পড়া আবাহনী এই ম্যাচে বিজেএমসির সঙ্গে জয় পাবে বলেই আশা করছিল। জয় তো পেলই না; বরং সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় এক পরাজয় সঙ্গী করে নিয়ে মাঠ ছাড়ল তারা। প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়ার পর গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিজেএমসির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আবাহনী।
বিজেএমসির কাছে ৩-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করলেন আবাহনীর ইরানী কোচ আরদেশির পুরনামাথ; আর সাথে ঘুরে ফিরে এলো হারের তিন কারণ। দলের অনুশীলন মাঠ তার প্রথম শত্রু। মাঠের মান ভাল না হওয়ায় অনুশীলনের সময় অনেক ঝামেলা পোহাতে হয় তার দলকে। দ্বিতীয়ত, ইনজুরিতে রয়েছেন খেলোয়াড়রা। আর তৃতীয়ত, দলের অনেকেই নাকি তার নির্দেশ অনুযায়ী চলেন না।
অভিযোগের সুরে এই কোচ বলেন, ‘আমি মাঠে যাওয়ার আগেই দেখি খেলোয়াড়রা অনুশীলন শুরু করে দিয়েছেন। কেউ আমার অপেক্ষায় নেই। আমি গিয়ে দেখি আধ ঘন্টা আগেই অনুশীলন শুরু হয়েছে। যে কারণে আমিও জানতে পারি না খেলোয়াড়রা কতটুকু লোড নিতে পারবেন কি পারবেন না।’
এই নিয়ে ইরানী কোচ ক্লাব ম্যানেজম্যান্টকে জানিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি বলে কাল ক্ষোভের সাথে জানালেন তিনি। তার পাশে বসা অধিনায়ক ওয়ালী ফয়সালও স্বীকার করেছেন কোচ আসার আগে তারা মাঠে নেমেছেন, অনুশীলনও করেছেন।’ কিন্তু কেন? ওয়ালীর উত্তর, ‘আমরা অনেকেই আগে নেমে যাই। অনুশীলন করি। নিজের জন্য।’ এই যুক্তি মানতে নারাজ কোচ। কোচের কথায় বুঝা যায় দলের প্রতি খেয়াল নেই কর্মকর্তাদের। আবাহনীর শেষ ম্যাচ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। সে ম্যাচে তিনি থাকছেন না সেটা গতকালই জানিয়েছেন সাংবাদিকদের কাছে। কারণ তিনি গতকালই সাংবাদিকদের কাছে বিদায় নিয়ে বলে গেছেন, আমি থাকি বা না থাকি তোমাদের সাথে আর দেখা হবে না।’
এফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল বাছাই পর্ব খেলতে আগামী মাসে নেপাল যাবে আবাহনী। দলের সাথে তার যাওয়া নিয়েও শঙ্কট দেখা দিয়েছে। ভিসার মেয়াদ প্রায় শেষ। ভিসা পেলে যাবেন। আফ্রিকান ফুটবলাররাও ভিসা পাননি। তাদের নিয়ে ঝামেলা রয়েছে আবাহনীর।
এখন যে অবস্থা, তাতে চলতি পেশাদার ফুটবল লিগে আবাহনীর শিরোপা জেতা প্রায় অবাস্তব এক ব্যাপার। এখন যদি শেখ রাসেল আগামী ম্যাচে শেখ জামালকে হারায় তাহলেই চ্যাম্পিয়ন রাসেল। আর যদি শেখ রাসেল শেষ দুই ম্যাচ হারে, আবাহনী শেষ ম্যাচ জিতে; তখন শিরোপার জন্য এই দুই দল মুখোমুখি হবে প্লেঅফ ম্যাচে; অবশ্য তার আগে শেখ জামালকেও ম্যাচ হারতে হবে। অন্যদিকে শেখ রাসেলের টানা দুই পরাজয় আর শেখ জামালের টানা জয়ে চ্যাম্পিয়ন হতে পারে জামালও।
১৫ ম্যাচে রাসেল ৩২, আবাহনীর ২৯ এবং শেখ জামালের ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট। এই হিসাবে শেখ রাসেলই এখন শিরোপার দাবীদার। আবাহনী ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপে ব্যর্থ হয়েছে। আবাহনী সাম্প্রতিক সময় ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করার ঘটনা খুবই কম। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসির বিরুদ্ধে প্রথমার্ধে তিন গোল হজম করে। ম্যাচের ১৬ মিনিটে জাতীয় দলের তরুণ ফুটবলার তকলিস ১-০, ৩০ মিনিটে গিনির ইসমাইল বাঙ্গুরা ২-০ এবং ৪২ মিনিটে তকলিস নিজের দ্বিতীয় গোল করেন ৩-০। ৪৫ মিনিটে লালকার্ড পেয়ে মাঠ ছাড়ের বিজেএমসির বাবু। দ্বিতীয়ার্ধে আবাহনীর বিরুদ্ধে ১০ জন নিয়ে বিজেএমসি লড়াই করে। ৭৭ মিনিটে গোল করেন আবাহনীর শাখাওয়াত রনি ৩-১।
এদিকে ফেনীতে মোহামেডান ১-১ গোলে ড্র করেছে সকার ক্লাবের সাথে। ৩১ মিনিটে সকার ক্লাবের অ্যান্থনি পেলে ১-০। ৭১ মিনিটে মোহামেডানের মরিসন গোল শোধ করে ১-১।
আজকের খেলা: ব্রাদার্স ঃ আরামবাগ
(বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল ৫টা)
