উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পর এরই মধ্যে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তবে, এরপরেও তাদের সতর্ক থাকতে বললেন দলটির সভাপতি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
গত সপ্তাহে বার্সেলোনাকে এক তরফাভাবে হারিয়ে দেয় বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন। জার্মানীর অন্যতম সফল দল বায়ার্নের সাবেক খেলোয়াড়, কোচ এবং বর্তমান প্রেসিডেন্ট বেকেনবাওয়ার সতর্ক করে জানান বার্সেলোনা আত্মসমর্পন করতে প্রস্তুত নয়। তিনি বলেন, ‘বার্সেলোনা বায়ার্নকে ভারসাম্যহীন করতে সকল কিছু করবে। তারা সকল পদ্ধতি ব্যবহার করবে, গ্রহণযোগ্য সবকিছু এবং অবৈধ যা তাও। নিজেদের রক্ষার স্বার্থে তারা এটা করবে কারণ তাদের সম্মান আঘাতগ্রস্ত হয়েছে।’
বায়ার্ন প্রথম লেগে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধে তারা আরো তিন গোল করে। স্পেনে বায়ার্ন যাচ্ছে অনেক বড় ব্যবধানে এগিয়ে থেকেই। বায়ার্ন বুন্দেসলিগা নিশ্চিত করেছে আগেই। জার্মান কাপের ফাইনালেও রয়েছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনাও রয়েছে তাদের। প্রথম জার্মান ক্লাব হিসেবে বায়ার্ন এক মৌসুমে তিনটি শিরোপা জয় করতে পারে। বাভারিয়ানরা ২০১০ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। দুটি ফাইনালেই হেরেছিল তারা।
