দেশকে মৌলবাদীদের বিচরণ ক্ষেত্র হতে দেয়া হবে না

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৩৩
বগুড়ায় সম্মিলিত নারী সমাজের সমাবেশে বক্তারা বলেছেন, দেশকে কোনভাবেই মৌলবাদী ও সামপ্রদায়িক গোষ্ঠীর বিচরণক্ষেত্র হতে দেয়া হবে না। মুক্তিযুদ্ধে যে চেতনা ও আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা ভূলুণ্ঠিত করার অপপ্রয়াস রুখতে সম্মিলিত ভাবে নারী সমাজ মাঠে নামবে। নারী-পুরুষ সমতার ভিত্তিতে অগ্রযাত্রা অব্যাহত রাখতে নারী সমাজকে গৃহবন্দি করার পাঁয়তারা বন্ধসহ হেফাজতে ইসলাম নামের সামপ্রদায়িক ও মৌলবাদীদের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সোমবার শহরের সাতমাথা মুক্তিযোদ্ধা সংসদের সামনে আয়োজিত নারী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বগুড়ার সম্মিলিত নারী সমাজের আহ্বায়ক আলহাজ্ব ডা. সামছুন নাহার ইসলাম শেফালীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের দুই যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ কামরুন নাহার পুতুল ও আলহাজ্ব জেব-উন-নাহার, নারী নেত্রী সালেহা সুলতানা, মাহফুজ আরা মিভা প্রমুখ। নারী নেত্রী নিভারানী সরকার পূর্ণিমা ও ববিতা রানী বর্মণের সঞ্চালনায় সমাবেশে উদীচী বগুড়া জেলা সংসদের শিল্পীরা গণসঙ্গীত ও প্রতিবাদী গান এবং কণ্ঠ সাধন আবৃত্তি সংসদের সদস্যরা কবিতা আবৃত্তি করেন। এর আগে বিকাল সাড়ে ৪টায় সাতমাথা চত্বর থেকে বিশাল এক মিছিল বের করা হয়। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি তাদের প্রতিহত করতে রাজপথে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।