শিরিন শারমিন চৌধুরী প্রথম নারী স্পিকার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৫৫
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদের স্পিকার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রাত পৌনে ৯টায় সভা শুরু হয়। সভার শুরুতেই স্পিকার মনোনয়নের প্রসঙ্গ ওঠে। সেখানে সর্বসম্মতিক্রমে ড. শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার করার সিদ্ধান্ত নেয় হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডেপুটি স্পিকার মনোনয়ন নিয়ে আলোচনা চলছিল। এর আগে গত রবিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায়ও ড. শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার হিসাবে মনোনয়নের সিদ্ধান্ত নেয়া হয়।