আমার এখন ইচ্ছে করে বৃষ্টি হয়ে ঝরি
কিন্তু সেদিন বললো ডেকে নীল আকশের পরী,
এই যে শোনো মেঘের রাণী মন দিয়ে বেশ শোনো
বৃষ্টি হয়ে ঝরলে তোমার লাভ কি আছে কোনো?
তারচে’ বরং নীল আকাশটা একটু চেয়ে দেখো
মাটি থেকে শূন্যে ওড়ার কাব্য তুমি লেখো
হিম বাতাসে ছুটতে পারো কেমন করে তা-ও
এই পৃথিবীর ফুল পাখিদের সেই কথা জানাও।
পরীর কথা শোনা হলে অনেক ভেবে শেষে
পদ্যি লেখা হলো আমার মেঘমুলুকের দেশে
থাকবে না আর শুকনো নদী,করবে না আর খাঁ খাঁ
এই পৃথিবী সজল হবে, ভালোবাসায় আঁকা।
