৪ দিনেই ২৪ কোটি রুপি!

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪১
পরিচালক মুহিত সুরি একেবারেই নবাগত দুইজনকে নিয়ে কাজ করলেন ‘আশিকি টু’ ছবিটি। মুক্তির আগেই ছবিটি ব্যাপক আলোচনায় আসে। বিশেষ করে ‘তুম হি হু’ গানটির জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে হালের অন্য সব গানকে। তারপরও একেবারেই নতুন জুটি বলে কথা, খানিকটা চিন্তিত ছিলেন নির্মাতারা। কিন্তু সেই টেনশন থেকে নিস্তার পেলেন নির্মাতারা। পাশাপাশি বলা যায়, বলিউডও দুইজন নবাগত তারকা পেল। কেননা, ১২ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি মুক্তির প্রথম ৪ দিনেই আয় করে ২৪ কোটি রুপি। বক্স অফিসে এত সফলতা আসবে, এটা নির্মাতারাও ভাবেননি। তাই বলাই যায় যে, আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর জুটিটি বলিউডে অন্য অনেক নবাগত তারকার মতোই জমে উঠবে। এমনকি অনেকে বলছেন যেকোনো একজন ফিল্ম ফেয়ারের অ্যাওয়ার্ডটিও জিতে নেওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য, ছবিটি গত ২৬ এপ্রিল মুক্তি পায়। ছবিতে এই দু’জন ছাড়া বাকি যারা অভিনয় করেছেন তাদের অধিকাংশই চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করছেন।