ভিন্ন ধারার নাটক ‘সাহস সঞ্চয় ব্যুরো’

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
তরুণ প্রজন্মের প্রতিভাবান নির্মাতা ও নাট্যকার শিমুল সরকার ও ইশতিয়াক আহমেদ জুটির নতুন মেগা ধারাবাহিক শুরু হচ্ছে। হাস্যরসে পূর্ণ এই নাটকটির নাম ‘সাহস সঞ্চয় ব্যুরো। সাধারণত বিভিন্ন মেগা ধারাবাহিকে প্রাথমিকভাবে কয়েক পর্ব তৈরি করে দর্শক গ্রহণযোগ্যতার ওপরে নির্ভর করেই এর পর্ব বাড়ানো হয়। এখানেও সেই পদ্ধতিতেই এগোচ্ছেন নাট্যকার নির্মাতা। নাটকটি লিখেছেন জনপ্রিয় গল্পকার ইশতিয়াক আহমেদ। নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা স্যাটায়ারের ভেতরে অনেক কিছু বলে দেওয়ার নাটক। শহরে একজন অচেনা যুবক এসে হঠাত্ কী কী প্রতিকূলতার ভেতরে পড়েন সেইসবকিছু্ই এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি নাটকটি উপভোগ্য হবে। নাটকের গল্পটি এগিয়েছে অনেকটা এইভাবে—একটা প্রতিষ্ঠানের নাম হবে এটা। মানুষের সাহস বাড়ানোর কাজ করে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সিইও সামশুল হক সবুজ (সাহস) তার ব্যক্তিগত জীবনে সাহসী না হয়ে প্রচুর ধরা খেয়েছেন। তাই মানুষ যাতে সাহসের অভাবে এমন ধরা না খায় সেই মহান উদ্দেশ্য নিয়ে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেন। প্রতিষ্ঠানে বেশ কয়েকটি প্রকল্প। পারিবারিক সাহস সঞ্চয় প্রকল্প, সামাজিক সাহস সঞ্চয় প্রকল্প, রাজনৈতিক সাহস সঞ্চয় প্রকল্প প্রভৃতি। এই প্রকল্পের মাধ্যমে মানুষকে সাহসী করে তোলা হবে।’ এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মারজুক রাসেল, চিত্রলেখা গুহ, রনি (মীরাক্কেল), সজল (মীরাক্কেল), ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, শামীম জামান, ফারুক আহমেদ মীম, অ্যানি, অহনা, আ খ ম হাসান, নাদিয়া, মুকিত প্রমুখ।