সম্প্রচারে আসার তিন মাসের মধ্যেই এশিয়ান টিভি তাদের অনুষ্ঠান বৈচিত্র্যের দাবি রেখে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে এমন দাবি নিয়েই কথা বলেন এশিয়ান টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। চ্যানেলটির প্রচার চলতি অনুষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য এবং আগামীর অনুষ্ঠানগুলো সম্পর্কে জানাতে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম সৈকত সালাহউদ্দিন। সংবাদ সম্মেলেনে এশিয়ান টিভি’র নতুন অনুষ্ঠানগুলো সম্পর্কেও অবহিত করা হয়।
এ ছাড়া প্রচারের শুরুর দিকে শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠানের দাবি রাখলেও পরবর্তীতে আবার নিউজ রাখা হলো কেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা অন্য সকলের মতো একই খবরের চর্বিতচর্বন করব না। আমরা একটি নির্দিষ্ট সময়ে বিশেষভাবেই খবরটি প্রচার করব।’
টিআরপি ও তাদের দেওয়া তথ্য জরিপে দেখা যায়, বাংলাদেশের দর্শক ২৩টি চ্যানেলগুলোর মধ্যে ঘুরেফিরে যে কয়টি নাটক দেখছেন—তার মধ্যে আছে এশিয়ান টিভির ‘জীবন সংসার’, ‘ভালোবাসার কাহিনী,’ ‘বিশাখা’ এবং ‘সেকেন্ড ইনিংস’।
এ ছাড়াও ভারতীয় কারিগরি সহযোগিতায় নাটক নির্মাণের অভিযোগ প্রসঙ্গে তারা বলেন, ‘এশিয়ান টিভি তার মানের উন্নয়নেই শুধু ভারত কেন অন্য দেশে নিয়মতান্ত্রিকভাবে গেলেও তো ক্ষতি নেই। কারণ এখনকার চলচ্চিত্রের দিকে তাকালে দেখা যায় অনেক নির্মাতাই তাদের নাটকের উন্নয়নের কাজে বিভিন্ন দেশে শুটিং করে থাকেন। এ ছাড়াও সম্প্রতি কয়েকজন উঠতি তারকারা চ্যানেলটির বিরুদ্ধে অভিযোগ করে পত্রিকায় যে বিবৃতি দিয়েছে সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে তারা বলেন, ‘কলকাতার একটি চ্যানেলের সাথে আমরা যৌথ উদ্যোগে কাজ করছি। তো একটি শুটিং শিডিউলের ব্যাপারে পশ্চিমবাংলা সরকারের অনুমতি পেতে বিলম্ব হওয়ায় কিছু ভুল বুঝাবুঝির তৈরি হয়েছে। তবে যতদূর জানা যায়, এই বিষয়ে তারকারা কোনো লিখিত অভিযোগ করেনি, হয়তো কোনো সাংবাদিকের সাথে বিষয়টি শেয়ার করেছিল। কিন্তু স্বপ্রণোদিত হয়ে খবরটি তারা ছেপে দিয়েছে।’
সৈকত সালাহউদ্দিন সংবাদ সম্মেলনে এশিয়ান টিভির নতুন অনুষ্ঠানগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান। নতুন অনুষ্ঠানের মধ্যে আছে—‘মুভি বাজার’, ‘গানের স্টেশন’, ‘মেক ওভার’, ‘সিটি লাইফ’, ‘ক্লাব জংশন’, ‘আনন্দবার্তা’, ‘মিডিয়া বিতর্ক’, ‘রম্য টক শো’ প্রভৃতি। এ ছাড়াও শিগগিরই চ্যানেলটিতে সংবাদ চালু হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
