উদ্যোক্তা তৈরিতে সহযোগীতা করবে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪৯
ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিসহ সবধরণের সৃজনশীল উদ্যোগকে সর্বাত্নক সহযোগীতা দিবে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সদ্য অনার্স-মাস্টার্স পাশ করা নারী-পুরুষ পর্যটন, বুটিক, ক্লিনিং, প্রসেসড ফিসসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের কর্মপরিকল্পনায় বাংলাদেশ ব্যাংক সহায়তা করবে। এজন্য উদ্যোক্তাদের যথাযথ পরামর্শ ও ঋণ দেয়ারও ব্যবস্থা করবে বাংলাদেশ ব্যাংক। গতকয়েকদিন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ, বাণিজ্যিক ব্যাংক ও ব্যক্তিশ্রেণীর উদ্যোক্তাদের সমন্বয়ে বেশ কিছু সিরিজ মতবিনিময় সভার পরে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার সর্বশেষ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)’র প্রশিক্ষণার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভা করে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, বর্তমান সরকার ও গর্ভনর মহোদয়ের সদিচ্ছা ও সহযোগিতার ফলে এ ধরনের প্রগতিশীল কার্যক্রম গ্রহণ করা সম্ভব হচ্ছে এবং এ উদ্যোগ উত্তরোত্তর অব্যাহত থাকবে। সব ধারাবাহিক মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংক এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। এ সময় ট্রাস্ট ব্যাংকের এসএমই প্রধান রওশন জাদিদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এসএমই প্রধান আবেদ, বেসিক ব্যাংকের এসএমই প্রধান মরিয়ম বেগম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের যুগ্ম পরিচালক এসএম মোহসীন হোসেন, উপ-পরিচালক উজ্জ্বল কুমার দাশ ও সহকারী পরিচালক বিধান চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।