সাভারে ভবন ধসের সঙ্গে জড়িতদের বিচার, শিল্প-কারখানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ এবং কারখানা সমূহে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শিল্প-কারখানার মালিক-শ্রমিক ও এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে জেলা সদরের বোর্ডবাজার, সাইনবোর্ড, ছয়দানা মালেকের বাড়ি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দেশ বাঁচাও, গার্মেন্টস বাঁচাও, শ্রমিক বাঁচাও শ্লোগানকে সামনে নিয়ে সাইনবোর্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শিল্প প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা কমিটির যুগ্ম আহ্বায়ক ও এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ এর নির্বাহী পরিচালক মোঃ শহীদুজ্জামান, স্থানীয় সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, জয়নাল আবেদীন, রোমান হায়দার, জাকির হোসেন, পরিচালক আনোয়ারুল হক, গার্মেন্টস শ্রমিক নেতা আব্দুর রশিদ প্রমুখ। বেলা এগারটার দিকে ছয়দানা মালেকের বাড়ি এলাকার বিভিন্ন শিল্প কারখানার মালিক-শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শিল্প মালিক হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ মমতাজ উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল কাদির, হারুন সিপাই, আবু হানিফ, জহিরুল ইসলাম, বাছির উদ্দিন মন্ডল, মোনায়েম খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রানা প্লাজা ধসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা গার্মেন্টস খাত নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র করা হলে শ্রমিক-মালিক ও এলাকাবাসী মিলে শিল্প প্রতিষ্ঠান রক্ষায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। কয়েক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে এলিট গার্মেন্টস, উইন ওয়্যার লিঃ, প্রাইম সোয়েটার, জেমটেক্স লিঃ, বিডি নীট ডিজাইন, ফিয়াদ ফ্যাশন, ইষ্ট ওয়েষ্ট, ফ্যাশন গিয়াস লিঃ, টেক্সটেইল ফ্যাশন, গ্লেস নীট ওয়্যার, ইস্টোলো এ্যাপারেলস, ডেবুনিয়ার ফ্যাশন, পলিষ্টার দেশ সোয়েটারসহ বিভিন্ন পোশাক কারখানার বিপুল সংখ্যক শ্রমিক ও এলাকাবাসী অংশ নেন। এর আগে গত সোমবার সন্ধ্যায় জেলার শিল্প প্রতিষ্ঠান রক্ষায় গাজীপুর শিল্প পুলিশের সহকারী পরিচালক মোশারফ হোসেনকে আহ্বায়ক করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
