চ্যা ম্পি য় ন্স ট্র ফি

পাকিস্তানের ব্যাটিং কোচ ট্রেন্ট উডহিল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২২:০০
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অস্ট্রেলিয়ার ট্রেন্ট উডহিলকে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। উডহিল আপাতত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নিউজিল্যান্ডের সাবেক এই সহকারী কোচ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মাত্র তিন সপ্তাহের জন্য পাকিস্তান দলের সাথে থাকবেন। জুনে ইংল্যান্ডেই সরাসরি দলের সাথে যোগ দেবেন তিনি। পাকিস্তানের গণমাধ্যমে ধারণা দেয়া হয় যে, কোচ ডেভ হোয়াটমোরই তার নাম সুপারিশ করেছেন। বর্তমানে ৪২ বছর বয়সী উডহিল চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ার ডেভিলসের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের শেষদিক পর্যন্ত তিনি ছিলেন নিউজিল্যান্ডের সহকারী কোচ। এছাড়া অস্ট্রেলিয়ার ‘বিগ ব্যাশ’ লিগে মেলবোর্ন স্টারসের সাথে যুক্ত ছিলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক ইন্তিখাব আলম বলেন, ‘সংক্ষিপ্ত সময়ের জন্য তাকে এই দায়িত্ব পালনের প্রস্তাব দেয়া হলে তিনি রাজি হন। তার কাজটি পরীক্ষামূলক। যদি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার কাজে খুশি হন তবে চুক্তি বর্ধিত হতে পারে।’ সাম্প্রতিক সময় পাকিস্তানের ব্যাটিংটা ভাল হচ্ছে না। চলতি বছরের শুরুর দিকে দলটি দক্ষিণ আফ্রিকায় ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যায়। এছাড়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হারে ২-৩ ব্যবধানে। গত দেড় বছর থেকেই পাকিস্তান ব্যাটিং কোচ খুঁজে ফিরছে। কিন্তু কখনোই কোন একজনের ওপর আস্থা রাখতে পারেনি। গত বছর পাকিস্তান ব্যাটিং কোচ চেয়ে বিজ্ঞাপন দেয়। জহির আব্বাস এবং সেলিম মালিক আগ্রহী ছিলেন। কিন্তু পিসিবি শর্ত জুড়ে দেয় প্রার্থীকে লেভেল থ্রি পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোচিং-এর স্বীকৃতি থাকতে হবে এবং শীর্ষ খেলোয়াড়দের সাথে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। গত বছর ভারত সফরে সাময়িকভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন ইনজামাম উল হক। পরে ইনজামামের চুক্তি আর নবায়ন করা হয়নি।