পার্সির সিদ্ধান্তে এভরার সমর্থন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২২:০১
ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিক এভরা জানান, তার দলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে প্রমাণিত হয়েছে যে আর্সেনাল ছেড়ে ভুল করেননি রবিন ফন পার্সি। ফন পার্সি আর্সেনাল ছাড়ায় সেখানকার সমর্থকরা বেশ ক্ষিপ্ত। গত মৌসুমে দুই কোটি ৪০ লাখ পাউন্ডে আর্সেনাল ছেড়ে ইউনাইটেডে পাড়ি জমান পার্সি। প্রিমিয়ার লিগ শিরোপা ফিরে পেতে ইউনাইটেডকে সহায়তা করেছেন ডাচ এই স্ট্রাইকার। আট বছর আর্সেনালে থাকা পার্সি ২০০৫ সালে এফএ কাপ জয়ের স্বাদ পান গানারদের সাথে। এরপর শুধুই অপেক্ষা ছিল তার বড় কোন শিরোপার জন্য। আর্সেনাল ছাড়ার পর গত রবিবার প্রথম এমিরেটস স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে। চ্যাম্পিয়ন ইউনাইটেডকে গার্ড অফ অনার দেয় আর্সেনালের খেলোয়াড়রা। তবে সমর্থকরা পার্সিকে সাদরে গ্রহণ করতে পারেনি। পার্সিকে উদ্দেশ্য করে খেলার পুরো সময় তারা দুয়ো ধ্বনি দিয়েছে। ইউনাইটেড ও আর্সেনালের খেলাটি ১-১ গোলে শেষ হয়। ইউনাইটেডের হয়ে পার্সি পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। দীর্ঘদিন শিরোপার দেখা পাননি পার্সি। অবশেষে ইউনাইটেডে এসে শিরোপার দেখা পেলেন তিনি। ২৯ বছর বয়সী পার্সির সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন ফ্রেঞ্চ লেফট ব্যাক এভরা। তিনি বলেন, ‘তার পছন্দটা ভুল ছিল না। আর্সেনালে সে দীর্ঘদিন লিগ জয় করতে পারেনি। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে সে এটা জিতে নিলো। আমি এখনো বুঝি না সমর্থকরা কেন দুয়ো ধ্বনি দিলো। আমি হতাশ কারণ সমর্থকরা এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলো যে সে ক্লাবের জন্য কি করেছে। আমি মনে করি, সে এটা ভাল করেই উপলব্ধি করতে পারছে।’ পার্সি এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ২৫ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন।