সাভারে রানা প্লাজা ধসের পর সৃষ্ট শ্রমিক অসন্তোষকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের কোন প্রকার নৈরাজ্যে না জড়িয়ে উস্কানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম রনি।
তিনি বলেন, দুর্ঘটনার পরে উদ্ধার কাজে বহু শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেয়। পাশাপাশি এই দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ শ্রমিকদের খেপিয়ে তোলে কিছু লোক। এ খাতে নৈরাজ্য কোন ইতিবাচক পরিবর্তন আনবে না। বরং বড় ক্রেতাদের এদেশের প্রতি অনিহা সৃষ্টি হতে পারে। তাই শ্রমিকদের নিজেদের স্বার্থে ধৈর্য ধারণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও এই দুর্ঘটনায় সৃষ্ট পরিস্থিতিকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
