হরতাল প্রত্যাহার করায় বিরোধী দলীয় নেত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২৩:০৪
আগামীকাল আহূত হরতাল প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল যে দাবিতে এই হরতাল ডাকে তার মধ্যে অন্যতম ছিল সাভারের ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা এবং সংশ্লিষ্ট গার্মেন্টস মালিকদের গ্রেফতার। কিন্তু সোহেল রানাসহ ওই ভবনের সব ক’টি গার্মেন্টসের মালিককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিচার এখন প্রক্রিয়াধীন। সোমবার প্রধানমন্ত্রী সাভারে ধ্বংসস্তূপে উদ্ধার তত্পরতা সরেজমিনে পরিদর্শন এবং হাসপাতালে চিকিত্সাধীন দুর্ঘটনায় আহতদের অবস্থা দেখার পর সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মানবিক কারণে আগামীকালের হরতাল প্রত্যাহারের জন্য আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে গতকাল মঙ্গলবার বিরোধী দলীয় নেত্রী হরতাল না করার ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দুর্যোগের মুহূর্তে দলমত নির্বিশেষে আমাদের সকলকে ভবন ধসের ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে হবে। এ ব্যাপারে সাহায্যের হাত বাড়ানোর জন্য দেশের বিত্তবানদের প্রতিও আহ্বান জনান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।