রাজধানীর গেন্ডারিয়ায় সতীশ সরকার রোডে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ধসে দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গেন্ডারিয়া হাইস্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মুন্সীগঞ্জের শেখ আব্দুর রশীদ (৬০)। নিহত অপরজন অজ্ঞাত পরিচয় নারী (৪০)। গেন্ডারিয়া থানার এসআই জামশেদ জানান, গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে ৬১/১ নম্বর বাড়ীর নির্মাণ কাজ চলছিল। মঙ্গলবার দুপুর পৌঁনে ১টার দিকে পাইলিংয়ের সময় হঠাত্ সীমানা প্রাচীরের একাংশ ধসে পড়ে। তখন প্রাচীর সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন নারীসহ দুই পথচারী। প্রাচীরের নিচে চাপা পড়লে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
