নিসর্গের মগ্নপাঠ

আপডেট : ০২ মে ২০১৩, ১৯:৫৫
সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্রপ্রদর্শনী পঞ্চাশের দশকের অন্যতম প্রধান শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের এবারের কাজে রং আর বিষয়ের সখ্য দেখা যায় না। রেখাপ্রধান কাজের প্রাধান্যে প্রদর্শনীর শিরোনাম দিয়েছেন ‘ইঙ্ক ড্রইং অ্যান্ড কালার’। ৪৫টি কাজের মধ্যে কিছু কাজে রঙের প্রয়োগ থাকলেও কালো কালির রেখায় আঁকা নিসর্গের ছবি প্রধান হয়ে উঠেছে। শিল্পী সৈয়দ জাহাঙ্গীর তাঁর ধারাবাহিক চর্চায় দর্শকদের দেখিয়েছেন প্রকৃতিকে সরল জ্যামিতির ছন্দে আবদ্ধ করে। একসময় নীল রঙের বিস্তার সৈয়দ জাহাঙ্গীরের ক্যানভাস দ্যুতিময় করে তুলত। আকাশের বন্দনার সাথে যুক্ত হতো বাংলার মরমিয়া রূপ। প্রকৃতির সরল রূপ-রস তাঁর প্রথম দিকের জল রঙের কাজে দেখা যায়। পরবর্তী সময়ে প্রাকৃতিক ফর্মকে ভেঙে জ্যামিতিতে রূপান্তর করেছেন। দর্শক তাতে নিছক নিরীক্ষার রূপ অন্বেষণ করেননি, তাতে নিসর্গচিত্রের আনন্দও পাঠ করেছেন। গত শতকের শেষ ও এ শতকের শুরুতে সৈয়দ জাহাঙ্গীর ক্যানভাসে প্রকৃতির সোনালি রং হাজির করতে থাকেন। প্রকৃতিতে ছড়িয়ে থাকা সোনালি, উজ্জ্বল হলুদ আর তীব্র আলোর উপস্থিতিতে সৈয়দ জাহাঙ্গীরের ক্যানভাস দর্শকদের মুগ্ধ করে। মানুষ ও প্রকৃতির বন্ধন, জীবনের নানা বাঁক এবারের প্রদর্শনীর ছবিতে উপস্থিত। চিত্রতলে রেখার প্রয়োগ আর স্থান রচনায় অভিনবত্ব এ প্রদর্শনীর কাজের বৈশিষ্ট্য। কোনো ছবিতেই অতিব্যবহূত রেখার দেখা মেলে না। সারি সারি ঘাটে বাঁধা নৌকা আর কাঁধে ঝাঁকা নিয়ে পথচলা মানুষের সারি বাংলার চিরচেনা রূপের কথা মনে করিয়ে দেয়; ঘাটে ভেড়ানো নৌকা, বাঁশের সাঁকো, মানুষের খেটে খাওয়া কাজের একাগ্রতা। ছবিগুলোতে কালো কালির তীক্ষ রেখার বারবার ব্যবহারে ছন্দের পুনরাবৃত্তি ঘটেছে। কাগজে কালির চড়া ওয়াশ সাদা জমিনে রঙের আবহ এনে দিয়েছে। অন্য এক ছবিতে নদীর পাড়ে অপেক্ষমান নৌকার সারির সাথে কাগজের সাদা অংশের মিল করেন শিল্পী সচেনতভাবে। শিল্প নির্মাণে অতিরঞ্জিত রং-রেখা বর্জন করে সৈয়দ জাহাঙ্গীর ছবিতে ছন্দ-মাত্রা যুক্ত করেন। সাদা ক্যানভাস শিল্পকর্মের অংশ হয়ে যায়। দর্শক চিত্র রচনার স্পেস বিভাজনের মাত্রায় স্বস্তি বোধ করেন। একেকটি বিষয় যেন একেকটি জ্যামিতিক আকৃতি হয়ে ওঠে ছবিতে। সৈয়দ জাহাঙ্গীরের রেখাপ্রধান শিল্পকর্ম আমাদের দৃষ্টির সাথে সখ্য তৈরি করে কোমল ছন্দিত রেখার গতিময় ব্যবহারের জন্য। দূরদিগন্তে চড়া রং আর ছবির অগ্রভাগে অসংখ্য মানুষ অথবা নিসর্গের আকৃতি রূপান্তরিত হয় জ্যামিতিক আকৃতিতে। অধিকাংশ কাজের মধ্যে বিষয়ের মিল বা সম্পর্ক খুঁজে পাবেন দর্শক। শিল্পাঙ্গনের কক্ষ পরিধির জন্য দর্শকদৃষ্টিতে হোঁচট লাগে। ক্লান্ত হয়ে পড়া দৃষ্টিসীমায় স্থির হয়ে পড়ে একসাথে অনেক ছবি। প্রদর্শনীর আয়োজক এ বিষয়টির সুরাহা করবেন, আশা করি। ১ মে শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে আগামী ৭ মে। সৈয়দ জাহাঙ্গীর :তত্কালীন গভর্নমেন্ট আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে ১৯৫৫ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। পৃথিবীর বিভিন্ন দেশে শতাধিক একক ও দলীয় প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেন। ১৯৮৫ সালে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক লাভ করেন।