মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব
যতীন সরকার
প্রচ্ছদ: অনন্ত আকাশ
ইত্যাদি পরিবর্ধিত সংস্করণ :ফেব্রুয়ারি ২০১৩
মূল্য :৩০০ টাকা।
‘ক্ষুধাতুর আর ভূরিভোজীদের নিদারুণ সংঘাতই যে সভ্যতার অন্তর্বস্ত, সে সভ্যতা মানুষের অন্তর্লোকে যে অন্ধকারেরই বিস্তার ঘটিয়ে চলবে—এতে আর বিস্ময়ের কী আছে?’ পুঁজিবাদী সমাজব্যবস্থা মানুষের মনের ওপর কীরূপ প্রভাব বিস্তার করে, তা একবাক্যে বোঝানো সম্ভব নয় কারও পক্ষেই। তবে প্রাথমিক একটা ধারণা যে পাওয়া যায়, তার প্রমাণ মেলে ‘মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব’ বইটির এই লেখাতে। একইভাবে বইটির প্রথম প্রবন্ধটি লেখা হয়েছে চারজন সহজ মানুষের একটি সাক্ষাত্কার দিয়ে; যাঁরা সবাই ছিলেন সোভিয়েত সৈনিক। তাঁদের সহজ-সরল বক্তব্য যেকোনো মানুষকেই মুগ্ধ করবে। এখানে লেখক প্রমাণ করার চেষ্টা করেছেন, সমাজতান্ত্রিক সমাজও মানুষের মনে প্রভাব ফেলে, তবে সেটার চিত্র ভিন্ন। নামকরণের সাথে সম্পূর্ণ মিল রেখেই বইটিতে মূলত মানবমন, মানবধর্ম ও দুটি সমাজব্যবস্থার বিশ্লেষণ করা হয়েছে। সমাজ মানুষের মনের ওপর কেমন প্রভাব ফেলে, তারই একটি সুস্পষ্ট চিত্রই প্রস্ফুটিত হয়ে উঠেছে বইটিতে।
২০২ পৃষ্ঠার এই বইটি মূলত লেখকের মূল্যবান সাতটি প্রবন্ধের সংগ্রহ, যেগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পাশাপাশি ‘মার্কসবাদের খণ্ডীভবন ও সমাজতন্ত্রেও সঙ্কট’ এবং ‘চীন ও কিউবা বিপ্লবের প্রতি দৃষ্টিপাত :সর্তক ও সক্রিয় আশাবাদ’ শিরোনামে দুটি উত্তরকথন যোগ হয়েছে। যেখানে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন লেখক। লেখক তাঁর যুক্তিকে প্রতিষ্ঠিত করতে ব্যবহার করেছেন খ্যাতিমান সব দার্শনিক, কবি-সাহিত্যিক ও সমাজচিন্তাবিদদের উদ্ধৃতি, যা বইটির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পাঠকের কাছে করে তুলেছে আরও বেশি গ্রহণযোগ্য।
পাঠককে বইয়ে নিমগ্ন করে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত নিয়ে যাওয়াতে লেখককে যদি বাড়তি কোনো কৃতিত্ব দেওয়া যায়, তবে ‘মানব মন মানব ধর্ম ও সমাজবিপ্লব’ নামের এই বইটির লেখককে শতভাগ সফল বলতেই হবে। আর অত্যন্ত জটিল বিষয়গুলো কত সহজ-সুন্দর ও সাজানো-গোছানোভাবে উপস্থাপন করা যায়, তারও উত্কৃষ্ট উদাহরণ হতে পারে বইটি। বইয়ের প্রবন্ধগুলোর বিষয় আদৌ সহজ কোনো বিষয় নয়। নানা রকম দর্শন ও ইতিহাস পাঠকের সামনে হাজির করবে নানা রকম জটিল সমীকরণ। সেই জটিল সমীকরণকে লেখক কলমের আঁচড়ে করে তুলেছেন সরল।
বইটি হাতে পেতেই পড়ার আগ্রহ বেড়ে গেল। কেননা, আগ্রহের বেশ কয়েকটি বিষয় নিয়েই লেখা হয়েছে বইটি, বেশ বিস্তৃতভাবে। মানুষের মন ও সমাজব্যবস্থা একে-অপরের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত এবং একটি সমাজব্যবস্থা মানুষের মনকে কীভাবে প্রভাবিত করতে পারে, তার সহজ বর্ণনা ফুটে উঠেছে বইয়ের পাতায় পাতায়। সেই সাথে বইটি একজন পাঠককে পরিচয় করিয়ে দেবে পুঁজিবাদী সমাজ ও সমাজতান্ত্রিক সমাজের স্বরূপ, সোভিয়েত ইউনিয়ন, চীন বিপ্লব ও কিউবা বিপ্লবের সাথে।
নিজের যুক্তির সমর্থনে বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিক ও ইতিহাসবিদদের উদ্ধৃতি ব্যবহার করেছেন লেখক। একদিকে আলোচনা করেছেন পুঁজিবাদী সমাজের সাম্রাজ্যবাদী আচরণ ও সমাজে তার প্রভাব নিয়ে। বিপরীত দিকে আলোচনা করেছেন সমাজতান্ত্রিক সমাজের গৌরব ও ব্যর্থতা সম্পর্কে। আর এসবের পেছনে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছেন ওই সব ব্যক্তিদের উদ্ধৃতি।
এই জায়গাতেই মুনশিয়ানা দেখিয়েছেন লেখক। দেখা যায়, গভীর ধর্মবিশ্বাসী ও তীব্র বস্তুবাদবিরোধী কবি ইকবাল সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার প্রশংসায় মুখর। বিপ্লবের বাস্তব সত্যকে অস্বীকার করা কঠিন হয়ে ওঠে তাঁর পক্ষে; রুশ বস্তুবাদী বিপ্লবীদের ওপরই ঐশীবাণী নাজেল হতে দেখেন তিনি—বিশ্বপ্রভু নিয়ন্ত্রিত নিয়তির অবাক চলন,/ জগতের স্বভাবে একি এক মহাআবর্তন।/ ক্রুশবাদী য়ুয়োপের তরে ইহা তব উপহার,/ শূলিকে ভাবিত যারা মানুষের পাপের উদ্ধার।/ বস্তুবাদী রুশ পরে ঐশীবাণী হয়েছে নাজেল—/ লাত্ ও মনাত্ যত গীর্জার আজি ভেঙে ফেল।
যেমন ব্যবহার করেছেন কবি ইকবালের উদ্ধৃতি, তেমনই ব্যবহার করেছেন বঙ্কিমচন্দ্রের লেখা। একদিকে তুলে এনেছেন সমাজতান্ত্রিক সমাজের মনোবিজ্ঞানী প্লাতানভের দর্শন। বিপরীত দিকে দাঁড় করিয়েছেন বুর্জোয়া শিক্ষাবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের। সেই সাথে বইটির পাতায় পাতায় ফুঁটে উঠেছে লেনিনবাদ ও মার্কসবাদের বিভিন্ন তত্ত্ব। আশা করা যায়, বইটি পাঠকের সামনে জ্ঞানের এক নতুন দুয়ার খুলে দিতে সক্ষম হবে।
