বই বিক্রির রেকর্ড গড়ল আমাজন
অনলাইনভিত্তিক বই বিক্রেতা সংস্থা আমাজন ডট কম বই বিক্রির নতুন রেকর্ড গড়েছে। আমাজন বই বিক্রির লভ্যাংশের ৭০ শতাংশ লেখকদের দেয় আর ৩০ শতাংশ কোম্পানিটি রেখে দেয়। এতে যেমন লেখক লাভবান হন, তেমনি পাঠকেরাও কম দামে বই কিনতে পারেন। পাশাপাশি লেখকেরাও এখানে কম খরচে তাঁদের বই প্রকাশ করতে পারেন, কারণ এ ক্ষেত্রে ছাপানোর কোনো ঝামেলা থাকে না।
আবুধাবি ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের পুরস্কার ঘোষণা
আবুধাবি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মিডল ইস্ট ও আফ্রািকার সর্বাধিক স্বীকৃত বইমেলা। এ উপলক্ষে প্রতিবছর ‘দ্য শায়খ জায়েদ বুক অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এবার চিন্তা ও গবেষণা বিভাগে ‘আল ফিকির আল আরাবি আল মুআসের’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন লেবাননের এলিজাবেথ কাসাব। বিচারকগণ তাঁর বইকে সাংস্কৃতিক আগ্রাসনমুক্ত সমাজ গড়ার অভিনব উপায় বলে উল্লেখ করেন। অনুবাদ শাখায় পুরস্কার পেয়েছেন তিউনিশিয়ার লেখক ফিতহি মেসকিনি। পুরস্কার কমিটির দাবি, অনুবাদটি একুশ শতকের আধুনিক দর্শনের সাথে আরবদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এবার তরুণ লেখক পুরস্কার পেয়েছেন মরক্কোর আদিল হাজামি।
ট্রু ম্যান স্টে ইউনিভার্সিটির বার্ষিক শিশুসাহিত্য উত্সব
ট্রু ম্যান স্টেট ইউনিভার্সিটির বার্ষিক শিশুসাহিত্য উত্সব শুরু হয়েছে। এতে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর প্রায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী এ উত্সবে অংশ নেবে। উত্সবে শিশু-কিশোরদের সঙ্গ দেবেন অতিথি লেখক মারলেন ব্রিল, ম্যাথিউ কডি, ক্যারমেন অ্যাগরা, কিম্বার্লি নিউটন, স্টুয়ার্ট গিবস, ডেবোরা হপকিনসন, ম্যাথিউ কিরবি, বারবারা ম্যাকক্লিনটক, লিন্ডা অরবান ও জুডি ইয়ঙের মতো জনপ্রিয় লেখকেরা।
গ্রন্থনা : শামস আরেফিন
