ভূমিকম্প নিয়ে বিশ্বব্যাপী কম আলোচনা হচ্ছেনা। ভূমিকম্পের ঝুঁকি মাথায় নিয়ে মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্বে বহু দেশ ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিয়ে মাথা ঘামাচ্ছে। খরচ করা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘর-বাড়ি-স্থাপনা নির্মাণের পেছনে। বাংলাদেশের বিষেজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন যে, ঢাকা শহরের অধিকাংশ অট্টালিকা-বাড়ি হুমকির মধ্যে রয়েছে, মধ্যম মাত্রার ভূমিকম্প হলেই যা নিমিষে ধ্বংসলিলায় পরিণত হতে পারে। বিশ্ববাসীর সামনে দুর্যোগ-দুর্গতির অনেক নিদর্শন রয়েছে। আজও মানুষ শিউরে ওঠে যখন ইটালির পম্পেই নগরীর বিপর্যয়, হযরত লূত ও নূহ (আ.)-এর জাতির ওপর গযব এবং সামপ্রতিক সময়ের ভূমিকম্প-সুনামী ও এর প্রভাবে প্রলয়ংকরী বিপর্যয়ের দৃশ্য স্মরণ করে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে প্রতি ২ মিনিটে ১বার করে ভূমিকম্প ভূ-পৃষ্টকে আঘাত দিয়ে আসছে। আর এই ভূ-কম্পনের ফলে মানুষ ও পৃথিবীর অসংখ্য প্রাণি-সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলোকে কেবলমাত্র প্রাকৃতিক বিপর্যয় বলে ধারণা করলে হবে না; প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টিকারী মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামীনের তরফ থেকে বিপর্যয় এসে থাকে— এবিশ্বাসও রাখতে হবে। ভাল-মন্দ, পাপ-পূণ্য, শান্তি-শাস্তি, আযাব-গযব বলে অনেক কথা রয়েছে। তেমনি ভূমিকম্পও এর অংশ এবিশ্বাস না থাকলে সকল হিসেব গরমিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, “আমি মানুষকে অতীব উত্তম গঠনে সৃষ্টি করেছি। অতঃপর আমি তাকে উল্টা সর্বনিম্নে পৌঁছে দিয়েছি। তবে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। তাদের জন্য নিরবচ্ছিন্ন প্রতিদান রয়েছে। অতএব হে নবী! এ অবস্থায় প্রতিদান ও শাস্তির ব্যাপারে আপনাকে কোন ব্যক্তি মিথ্যা মনে করে অমান্য করতে পারে? আল্লাহ কি সব বিচারকদের তুলনায় অধিক বিচারক নন? (সূরা আত-ত্বীন—৪-৮)। অন্যত্র বলেন, “আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যার জন্য সতর্ককারী ছিলো না; ইহা উপদেশ স্বরূপ, আর আমি অন্যায়াচারী নই” (সূরা শু’আরা-২০৮ ও ২০৯)। মানুষকে উত্তম করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু যখন তারা অন্যায়-অপকর্মে নিমজ্জিত হয়, নেক আমল থেকে দূরে সরে যায় তখন তাদের ওপর নেমে আসে বিপর্যয় ও শাস্তি। কারণ মানুষ ঐসব দেখে উপদেশ গ্রহণ করতে পারে, নিজেদেরকে শুধরে নিতে পারে। ইতিহাস থেকে দেখা যায়, মানুষ যখন বারবার অপকর্ম করতে থাকে, অন্যায় ও পাপে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে তখন তাদেরকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু যখন সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, অবস্থা মারাত্মক রূপ নিয়েছে তখন নেমে এসেছে তাদের ওপর বিপর্যয়কর শাস্তি। ২০০০ বছর আগে এমনই একটি ঘটনা ঘটেছিল ইতালীর পম্পেই নগরীতে। সেখানে ২০ হাজার মানুষের বসবাস ছিল। নগরিটি ছিল সুন্দর-আনন্দপূর্ণ পরিবেশের স্থান। সেখানকার অধিবাসীরা পাওয়ার আনন্দে হয়ে উঠলো লোভী, অন্যায় কর্মে হয়ে পড়লো নিমজ্জিত। অশ্লীলতা ও বেহায়াপনায় আকৃষ্ট হয়ে গেল। দেব-দেবী ও মূর্তি পুজায় জড়িয়ে পড়লো। একসময় তাদের ওপর নেমে আসে উত্তপ্ত লাভার স্রোত। কয়েক মিনিটের মধ্যে সবকিছু নিভে যায়। হযরত নূহ (আ.) ৪৮০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং ৪৭০ বছর দাওয়াতী কাজ করেন। কিন্তু তার কওমের হাতেগণা কয়েকজন ব্যতীত কোন লোকজন সাড়া দেয়নি। এমনকি তাঁর নিজের ৪ পুত্রের মধ্যে ৩ জন ঈমান আনলেও অপরজন বেঈমান হয়ে গিয়েছিল। কুরআনের ভাষায়, “আমি যখনই তাদেরকে আহবান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা কর, তারা কানে অঙ্গুলি দেয়, বস্ত্রাবৃত করে নিজেদেরকে ও জিদ করতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে” (সূরা নূহ-৭)। নূহ (আ.)-এর কওমের লোকেরা এতটা অবাধ্য হয়ে পড়লো যে, তাদের ওপর আল্লাহর গযবের সম্ভাবনার কথা বললেও কর্ণপাত করলো না। আল্লাহর নির্দেশে নূহ (আ.) নৌকা তৈরি করলেন আর তারা উপহাস করতে লাগলো। আসমানী হুকুম আসলো, “সর্বপ্রকার জোড়ার দু’টি করে এবং যাদের ওপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে, তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও” (সূরা হুদ-৪০)। এরপরই শুরু হয় মহা বিপর্যয়— নদীর প্লাবন ও বিরামহীন বৃষ্টিপাত। কেবলমাত্র নূহ (আ.)-এর নৌকায় আরোহনকারীরা ব্যতীত সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল সেই দুর্যোগ ও বিপর্যয়ে। পবিত্র কুরআনের ভাষায়, “আমি তো নূহকে তার সমপ্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে অবস্থান করেছিল পঞ্চাশ কম হাজার বছর। অতঃপর প্লাবন তাদেরকে গ্রাস করে; কারণ তারা ছিল সীমালংঘনকারী। অতঃপর আমি তাকে এবং যারা তরণীতে আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য একে করলাম একটি নিদর্শন” (সূরা আনকাবুত-১৪ ও ১৫)। হযরত লূত (আ.)-এর কওমের ওপরও এসেছিল মহা দুর্যোগ। আজকের দিনে এটি ঘটলে আমরা এটিকেও প্রাকৃতিক দুর্যোগ বলে হয়তো চালিয়ে দিতাম— গযব মানতে চাইতাম না। তাঁর কওমের লোকেরা চরম অবাধ্য হয়ে পড়লো। কেবল অবাধ্যই নয় বরং সাথে সাথে নোংরামীপনায় চরম পরাকাষ্টা প্রদর্শণ করে। পবিত্র কুরআনের ভাষায়, “তোমরা এমন অশ্লীল কাজ করছো, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছ, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো? জবাবে তাঁর সমপ্রদায় কেবল একথা বললো যে, আমাদের ওপরে আল্লাহর গযব নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা! এই দুষকৃতিকারী সমপ্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো” (সূরা আনকাবুত— ২৮-৩০)। হযরত লূত (আ.)-এর কওমের অনাচার-দুরাচার ছিল খুবই ভয়াবহ। প্রিয় নবী মুহাম্মদ (স.) সেই ভয়াবহ নির্লজ্জতা নিজের উম্মতের মধ্যে অনুপ্রবেশ করা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এভাবে, ‘আমি আমার উম্মতের জন্য সবচেয়ে (ক্ষতিকর হিসাবে) ভয় পাই লূত জাতির কুকর্মের’ (তিরমিযি, ইবনু মাজাহ, মিশকাত হা/৩৫৭৭)।
