অহংকার হচ্ছে সত্যকে বাতিল এবং মানুষকে হেয় ও তুচ্ছ মনে করা অর্থাত্ নিজেকে বড় মনে করা এবং নিজের মর্যাদাকে অন্যের মর্যাদার উর্ধ্বে মনে করা। মানুষের যাবতীয় খারাপ গুণের মূল হচ্ছে অহংকার। অহংকারের কারণে আযাযীল ইবলিশ শয়তানে পরিণত হয়েছিল। আল্লাহ তায়ালা যখন মানব সৃষ্টির পরিকল্পনা করেন তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। অতঃপর ফেরেশতারা বলল, আপনি কি এমন একটি জাতি সৃষ্টি করবেন, যারা জমিনে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করবে। অথচ আমরাইতো আপনার ইবাদত করি। তখন আল্লাহ বলেন, “আমি যা জানি তোমরা তা জাননা”। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম (আ.) কে সমস্ত নাম শিক্ষা দিলেন এবং আদম ও ফেরেশতাদের মাঝে পরীক্ষার আয়োজন করলেন। আদম (আ.) সব প্রশ্নের উত্তর সুন্দর ভাবে দিলেন। তখন ফেরেশতাগণ বললেন, আপনি পবিত্র আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ব্যতিত আমরা কিছুই জানিনা। তারপর আল্লাহ ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন আদম কে সেজদা করতে। সূরা বাকারার ৩৪ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদম কে সেজদা কর। সে আল্লাহর আদেশ অমান্য করল এবং অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো।” অন্যত্র আল্লাহ তা’আলা ইবলিশের উদ্দেশ্যে সূরা আরাফে বলেন, “আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোমাকে কিসে সেজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা তৈরি করেছেন এবং আদমকে মাটি দ্বারা তৈরি করেছেন।” তারপর আল্লাহ বলেন, “তুমি এখান থেকে বের হয়ে যাও। এখানে অহংকার করার কোন অধিকার তোমার নাই।” অতঃপর তুমি হীনতমদের অন্তর্ভুক্ত। ইমাম যাহাবী (র.) বর্ণনা করেন, অহংকার কবীরা গুনাহের অন্তর্ভূক্ত, তিনি বলেন “সবচেছে নিকৃষ্ট অহংকার হচ্ছে, কোন বান্দার সাথে জ্ঞান নিয়ে গর্ব করা। মুসলমানদের সাথে জ্ঞান নিয়ে গর্ব করা সবচেয়ে বড় ধরণের অহংকার। হযরত লুকমান (আ.) তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন “তুমি জমিনে গর্বভরে চলোনা” (২১ পারা সূরা লুকমান)। একজন মানুষের মনুষ্যত্বের স্তর থেকে ছিটকে পড়ার জন্য অহংকারই যথেষ্ঠ। ২৭ পারা সূরা হাদীদে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর প্রদত্ত নেয়ামত পেয়ে অহংকার প্রদর্শন করোনা। কেননা আল্লাহ অহংকারী ও দাম্ভিক লোককে পছন্দ করেন না। আল্লাহর রসূল বলেছেন আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলে দেব? তারা হলো কঠোর স্বভাবের অতি কৃপন ও অহংকারী। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, রসূল (স.) বলেন, আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তিন শ্রেণীর লোকদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। অপর বর্ণনায় আছে, “আল্লাহ তায়ালা তাদেরকে রহমতের দৃষ্টিতে দেখবেন না্ আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এই তিন শ্রেণীর লোক হল (১) বৃদ্ধ ব্যভিচার, (২) মিথ্যাবাদী বাদশা এবং (৩) অহংকারী। মুসলিম শরীফের অপর বর্ণনায় আছে, আল্লাহ তায়ালা বলেন, “অহংকার আমার চাদর। অতএব যে ব্যক্তি আমার সাথে কাড়াকাড়ি করবে, আমি তাকে দোযখে ফেলব। তিরমিযি শরীফে আছে, আল্লাহর রসূল (স.) ইরশাদ করেন, “এমন ব্যক্তি আছে যে, সদাসর্বদা আত্মঅহমিকায় মগ্ন থাকে। অতঃপর তার নাম উদ্ধতদের তালিকায় লেখা হয়। আর উদ্ধত অহংকারীদের যে বিপদ আসে তার ওপর ও সেই বিপদই আসে। অহংকারীরা ইহ ও পরকালে ফেরাউন ও নমরুদের মত শাস্তি ভোগ করবে।” কেয়ামতের দিন অহংকারীদেরকে ছোট পিপীলিকার মতো মানুষের আকৃতিতে একত্রিত করা হবে। সর্বদিক থেকে অপমান বঞ্চনা তাদেরকে আবৃত করে ফেলবে।
