প্রতিবারের মত এবারও মে দিবসে বিক্ষোভ, সমাবেশ করেছে সারাবিশ্বের শ্রমিকরা। তাদের অধিকার আদায়ে সমবেত হয়েছেন তারা। এ দিবসে শ্রমিক ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল গ্রিস, তুরস্ক। তবে ভিন্নতা দেখা গেছে কিউবায়। দেশটির রাজধানী হাভানায় বুধবার সরকারি নীতির পক্ষে সমর্থন জানিয়ে পদযাত্রা করে লাখ লাখ শ্রমিক। ব্যানার, ফেস্টুন আর পতাকা উড়িয়ে সমাজতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে দিবসটি উদযাপন করেন তারা। তাছাড়া অর্থনৈতিক সংকটকালীন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করায় দেশটির প্রিয় বন্ধু ও ভেনেজুয়েলার নেতা প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রতি সম্মান প্রদর্শন করা হয় এই শোভাযাত্রার মধ্যদিয়ে। গ্রিসে কঠোর ব্যয় হ্রাস বা কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে আহুত শ্রমিক ধর্মঘটে গণপরিবহন ও স্বাস্থ্যসেবা অচল হয়ে পড়েছে। সেখানে ধর্মঘটে সাড়া দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গণপরিবহনের ওপর এর তীব্র প্রভাব পড়েছে। হাসপাতালগুলোতে কেবলমাত্র জরুরি সেবা চালু আছে। ব্যয় কাটছাঁট অবিলম্বে বন্ধের দাবিতে দেশটির ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট পালন করছে। সরকারের দাবি, দেশটির গভীর অর্থনৈতিক সংকট কাটানোর জন্যেই কৃচ্ছ্র পদক্ষেপ অনিবার্য হয়ে পড়েছে। কিন্তু ট্রেড ইউনিয়নগুলো বলছে, ব্যয় কাটছাঁটের নানা পদক্ষেপের কারণে দেশটিতে বেকারত্বের রেকর্ড সৃষ্টি হয়েছে। আর তাই এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তারা। ওদিকে তুরস্কে মে দিবসের ছুটির দিনে শ্রমিকরা ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে তাকসিম স্কয়ারে সমাবেশের জন্য জড়ো হতে শুরু করায় পুলিশ তাদের জলকামান ও টিয়ারগ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সরকার তাকসিম স্কয়ারে মে দিবসের বিক্ষোভ নিষিদ্ধ করার পর বুধবার এ চত্বরটি বন্ধ ছিল। কিন্তু শ্রমিকরা সীল করা এ স্কয়ারটিতে জড়ো হওয়ার চেষ্টা নিলে পুলিশের বাধার মুখে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রিস, তুরস্ক ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মে দিবসে বিক্ষোভ করেছে শ্রমিকরা। ক্যাম্বোডিয়ার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে নমপেনে বিক্ষোভ করেছে। মস্কোয় বিক্ষোভ করেছে অন্তত ৭০ হাজার মানুষ। স্পেনের ৮০টিরও বেশি নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারের পক্ষে এবং সরকারবিরোধী হাজার হাজার মানুষ পরস্পরবিরোধী মিছিল করে। যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কার বন্ধ করতে শ্রমিকরা বিক্ষোভ করে।
