মিয়ানমারে আবারো সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে। নতুন করে শুরু হওয়া মুসলিমবিরোধী এই সহিংসতায় কমপক্ষে একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া, কয়েকশ’ বাড়ি-ঘর ও দু’টি মসজিদে আগুন দেয়া হয়েছে।
মিয়ানমারে মঙ্গলবার নতুন করে সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছে মুসলিমরা। ইয়াংগুনের কাছে ওক্কান শহরে বৌদ্ধরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রাস্তায় হাঁটার সময় এক মুসলিম নারীর সঙ্গে এক বৌদ্ধ ভিক্ষুর সংঘর্ষকে কেন্দ্র করে এ সহিংসতার সূত্রপাত হয়। বিক্ষুব্ধ বৌদ্ধরা ইট ছুঁড়ে মসজিদের জানালার কাঁচ ভাঙ্গে এবং বেশ কয়েকটি দোকান লুট করেছে। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে। পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। ওক্কানের এক দোকান মালিক খিন মঙ থান বলেছেন, শহর থেকে প্রায় চারশ’ বৌদ্ধের একটি দল গ্রামে এসে ভাংচুর চালায়।
প্রেসিডেন্ট থিয়েন সেইনের মুখপাত্র ইয়ে হুতুত জানিয়েছেন, ইয়াংগুনের একশ’ কিলোমিটার উত্তরে ওক্কান গ্রামে শৃঙ্খলা ফিরে এসেছে। মিয়ানমারে দীর্ঘদিন ধরে বিরাজ করছে চরম সাম্প্রদায়িক উত্তেজনা। মার্চে কেন্দ্রীয় মিইকতিলা শহরে মুসলিমবিরোধী সহিংসতা শুরু হলে অন্তত ৪০ জন নিহত হয়। দাঙ্গা থামাতে সরকার জরুরি অবস্থা জারি করে। কিন্তু তারপরও মুসলিমদের ওপর হামলা ছড়িয়ে পড়তে থাকে দক্ষিণ দিকে রাজধানী নিপিধো অভিমুখে। আর এখন তা পৌঁছে গেছে ইয়াংগুনের কাছে। এর আগে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মিকতিলা শহরে ২০ ও ২১ মার্চ সংঘটিত দাঙ্গায় ৪৩ জন নিহত হন। মুসলিমদের বেশ কিছু বাড়ি-ঘর এবং মসজিদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেই সময় ঐ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। গত বছর জুন মাসে রাখাইন প্রদেশে রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিদের মধ্যে দাঙ্গায় দুই শতাধিক রোহিঙ্গা নিহত হন। বাস্তুহারা হন এক লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম।
