মোশাররফের প্রতি আচরণ নিয়ে নাখোশ সেনাবাহিনী

আপডেট : ০২ মে ২০১৩, ২১:০৫
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের প্রতি কর্তৃপক্ষের বিরূপ আচরণ নিয়ে সেনাবাহিনী নাখোশ এমন ইঙ্গিতই পাওয়া গেছে দেশটির প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির কথায়। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের শহীদ দিবসে দেয়া এক বক্তৃতায় তিনি মোশাররফের আইনি ঝামেলা নিয়ে প্রচ্ছন্ন উক্তি করেছেন বলেই বর্ণনা করেছে পাকিস্তানের পত্র-পত্রিকাগুলো। আগামী ১১ মে’র নির্বাচনে অংশ নিতে ৪ বছরের স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে গত ২৪ মার্চ দেশে ফেরেন মোশাররফ। এরপর থেকেই নানা আইনি ঝামেলার মুখে আছেন তিনি। মোশাররফের বিরুদ্ধে আদালতে নানা রকম মামলা থাকায় তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের আদালত তাকে রাজনীতিতে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে। চিত্রাল আসন থেকে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মোশাররফের করা আপিলের জবাবে আদালত এ রায় দেয়।