ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কিত ফলাফলের রেশ দেশটির পার্লামেন্টেও গড়িয়েছে। হাতাহাতি হয়েছে বিরোধীদল ও সরকার দলীয় আইনপ্রণেতাদের মধ্যে। এতে সরকার ও বিরোধীদলীয় বেশ কয়েকজন আইন প্রণেতা আহতও হয়েছেন। আর এ ঘটনায় উভয়পক্ষই পরস্পরকে দোষারোপ করেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।— খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টে একটি আইন পাস হয়, যাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করার আগ পর্যন্ত কোনো আইন প্রণেতা পার্লামেন্টে কথা বলতে পারবেন না।
দেশটির বিরোধীদল জানিয়েছে, মঙ্গলবার পার্লামেন্টে সরকারপক্ষের একদল আইন প্রণেতা তাদের আইন প্রণেতাদের ওপর হামলা চালিয়ে আহত করে।
পরবর্তী সময়ে জুলিও বোর্গেস নামে এক আইন প্রণেতা হাতাহাতির কারণে আহত মুখমণ্ডল নিয়েই স্থানীয় টেলিভিশন স্টেশনে হাজির হন।
সেখানে বোর্গেস বলেন, ‘তারা আমাদের মারধর করতে পারে, কারাগারে পাঠাতে পারে, হত্যা করতে পারে কিন্তু আমরা আমাদের নীতি বিক্রি করবো না।’ তিনি আরো বলেন, “এই আঘাত আমাদের আরো শক্তিশালী করবে।”
