গত ১ এপ্রিল রাতে জামালপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ১জন নিহত ও ২০ জন আহত হয়েছে। কাল বৈশাখী ঝড়ে বকসিগঞ্জ উপজেলার গুমেরচর গ্রামের সদু মন্ডলের পুত্র কৃষক শাহজাহান (৩২) নিজ ঘরের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় আইরমারী গ্রামের নুরেদা বেগম (৪৫), গুমেরচর গ্রামের শাকিলসহ (৫) কমপক্ষে ২০ জন আহত হয়। ঝড়ে বকসিগঞ্জ উপজেলার কামালপুর, মেরুরচর, সাধুরপাড়া ও নিলাক্ষিয়া ইউনিয়ন।
দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া, ডাংধরা, হাতিভাঙ্গা ও সানন্দবাড়ি ইউনিয়ন, ইসলামপুর উপজেলার গাইবান্দা, গোয়ালেরচর, চরগোয়ালীনী ও চরপুটিমারী ইউনিয়নের দুই শতাধিক কাঁচা ও আধাকাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় শত শত গাছপালা উপড়ে পড়েছে। ওই সময় শিলাবৃষ্টিতে ইরিবোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পল্লী বিদ্যুত্ সমিতির ৩৩ হাজার কেভিএ গ্রিড লাইনসহ পিডিবির ১১ হাজার কেভিএ বিদ্যুত্ সঞ্চালন লাইনের ৫টি টাওয়ার ভেঙ্গে পড়েছে। ফলে জামালপুর জেলাশহরসহ বকসিগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, রৌমারী ও রাজিবপুর এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জামালপুর জেলা প্রশাসক দেলওয়ার হায়দার গত ২ এপ্রিল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বকসিগঞ্জ উপজেলার গুমেরচর গ্রামে নিহত কৃষক শাহাজাহান আলীর বাড়িতে উপস্থিত হয়ে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করেন। ঝড়ে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়।
