সাভার ট্র্যাজেডির প্রকৃত দোষীদের শাস্তি, হতাহতদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ, গার্মেন্টস শিল্প ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে এবং শিল্প-কারখানায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শিল্প-কারখানার মালিক-শ্রমিক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে জেলা সদরের বোর্ডবাজার, সাইনবোর্ড ও কোনাবাড়ি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘দেশ বাঁচাও, গার্মেন্টস বাঁচাও, শ্রমিক বাঁচাও, গার্মেন্টস শিল্প রক্ষা করো দেশের অর্থনীতি সচল রাখো এবং মালিক-শ্রমিক-প্রশাসন ভাই ভাই, শিল্প বান্ধব পরিবেশ চাই’— এই শ্লোগানকে সামনে রেখে এবং বিভিন্ন প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজার হাজার শ্রমিক মালিক ও এলাকাবাসী এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন শিল্প প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা কমিটির যুগ্মআহ্বায়ক ও এলিট গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ লিঃ-এর নির্বাহী পরিচালক মোঃ শহীদুজ্জামান। এ সময় মেট্রিক্স সোয়েটারের পরিচালক মেজর (অবঃ) মাহবুব, রূপা গ্রুপের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, ইস্ট ওয়েস্টের জিএম মোস্তাফিজুর রহমান খান, সায়েমের জিএম বিপ্লব নন্দী, বন্ধু ফ্যাশনের পরিচালক নূরুল ইসলামসহ প্রায় ৩৬টি পোশাক কারখানার মালিক প্রতিনিধি, কর্মকর্তা ও শ্রমিক উপস্থিত ছিলেন। এছাড়া সকাল ১০টা থেকে বারটা পর্যন্ত জেলা সদরের কোনাবাড়ি শিল্প এলাকার বিভিন্ন পোশাক কারখানার মালিক, শ্রমিক ও এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করে। শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম, শিল্প মালিক আতিকুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে রানা প্লাজা ধসের সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
