ঢাকা শহরকে অনিয়মের মহানগরী বললেও বোধহয় বাড়িয়ে বলা হবে না। কেন এই শহরে কেউ নিয়ম মেনে চলতে চায় না তা আমার বোধগম্য নয়। নিয়ম যেন এখন অনিয়মের অধীনে চলে গেছে। বেশ কিছুদিন থেকে লক্ষ্য করা গেছে যে মোটর সাইকেল আরোহীরা রাস্তায় একটু যানজট দেখলেই তার মোটর সাইকেলটি ফুটপাতে তুলে দেন। সম্ভ্রান্ত লোকজনই মোটর সাইকেল ব্যবহার করেন বলে আমার বিশ্বাস। সেইসব সম্ভ্রান্ত লোকজনের কাছে আমার সবিনয়ে প্রশ্ন, মোটর সাইকেল আরোহী যদি রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে যান তাহলে ফুটপাতের পথচারী ফুটপাত ছেড়ে কোথায় যাবেন? মোটর সাইকেল আরোহীকে জায়গা ছেড়ে দেয়ার জন্য পথচারী কি রাস্তায় নেমে যাবেন? ফুটপাতে উঠে মোটর সাইকেল আরোহীকে হর্ণ বাজাতেও দেখা যায় তাকে রাস্তা ছেড়ে দেয়ার জন্য। অথচ হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে ফুটপাত দিয়ে মোটর সাইকেল না চালানোর জন্যে। কোথাও কোথাও এমন সাইনবোর্ডও নজরে পড়ে। কে এই আইনের প্রয়োগ করবে? ফুটপাত অনেক আগেই হকার ও দোকানিদের দখলে চলে গেছে। যেটুকু চলাচলের জন্যে আছে তাও এখন মোটর সাইকেল আরোহীদের চাকার নিচে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, ঢাকা শহরের পথচারীরা এখন কোথা দিয়ে পথ চলবে?
তপন দেবনাথ,
নিউ ইস্কাটন রোড, ঢাকা।
