বুলাওয়েতে খেলা হলেই কী যেন একটা শক্তি পায় বাংলাদেশ। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে জয় নিয়ে আসে। বুলাওয়ের কুইন্স ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে তার বেশিরভাগেই সাফল্য পেয়েছে টাইগাররা। টেস্টের পর আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে বুলাওয়ের এই মাঠে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া এই ম্যাচের সঙ্গে বাড়তি প্রেরণা হয়ে থাকবে শেষ টেস্টে ১৪৩ রানের বড় জয়। দুই ম্যাচ টেস্ট সিরিজটি ড্র হয়েছে।
টেস্টের ফলাফল বাদ দিলেও ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য বড় পাওয়া মিডল অর্ডারদের দারুণভাবে ফিরে আসা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন- এই তিন মিডল অর্ডারের কাছ থেকে গত টেস্টে বাংলাদেশ পেয়েছে দুটি ফিফটি। বুড়ো আঙ্গুলের ইনজুরি থেকে কেবল সেরে উঠেছেন তামিম ইকবাল। ফিরেই গত টেস্ট ম্যাচে নিজেকে প্রমাণ করিয়েছেন ৪৯ রানের একটি ইনিংস খেলে। আজ অবশ্য আরো একজনের সামনে পরীক্ষা দিতে হতে পারে তার। তিনি আর কেউই নন, তামিমের এক মন্তব্যে জ্বলে ওঠা জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটোরি। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে এই ভিটোরিকে ‘অর্ডিনারি’ বোলার বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই সফরেই তার খেসারত দিতে হয়েছে তামিমকে। আজ ভিটোরির দলে ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। মাত্র ইনজুরি থেকে ফিরেছেন তিনিও।
মিডল অর্ডারের পাশাপাশি আজ বাংলাদেশের ভরসার প্রতীক হতে পারে পেস আক্রমণ বিভাগটিও। টেস্ট সিরিজে সেরা পেসার রবিউল ইসলাম শিপলু সবার নজর কেড়েছেন। আজ তার ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে। শিপলুর পাশাপাশি ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় ওপেনার শামছুর রহমান শুভও। জহুরুল ইসলামের পারফর্মেন্স চোখে পড়ার মত কিছু হয়নি বলেই টিম ম্যানেজমেন্ট জহুরুলকে বাইরে রেখে তামিমের সাথে ওপেনিংয়ে পাঠাতে ইচ্ছুক শুভকে। তিন পেসার নিয়ে আজও মাঠে নামবে বাংলাদেশ। শিপলু, শফিউল ইসলামের সঙ্গে আক্রমণে দেখা যাবে জিয়াউর রহমান জিয়াকেও। তিন পেসারের কারণে দ্বিতীয় টেস্টের পর মাঠের বাইরে থাকতে হচ্ছে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।
টেস্টে বাংলাদেশকে বিধ্বস্ত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। দুই ইনিংসে পর পর সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের সাথে সাথে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, শিংগি মাসাকাজ্জাও। এসব অনুপ্রেরণা আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজেও কাজে লাগাতে চায় স্বাগতিকরা। তবে জিম্বাবুয়ের মনে কিছুটা হলেও আশংকা কাজ করছে। নিজেদের কন্ডিশন, নিজেদের মাঠ থাকা সত্ত্বেও ওয়ানডে সিরিজ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় টেইলররা। তার কারণ বুলাওয়ের কুইন্স ক্লাব। মাঠের পরিসংখ্যান দেখে মনটাই খারাপ হয়েছে তাদের। এই মাঠে বাংলাদেশের বিপক্ষে আটবার সাক্ষাতে ছয়টি ম্যাচেই হেরেছে জিম্বাবুয়ে। সর্বশেষ সিরিজের ফলাফল দেখেও আঁতকে উঠতে হচ্ছে তাদের। ২০১১ সালের সফরে পাঁচ ম্যাচ সিরিজটি জিতেছে তবে সেটা হারারে মাঠে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হওয়ায়। শেষ দুটি ওয়ানডে বুলাওয়েতে অনুষ্ঠিত হয়েছিল, দুটি হেরেছে জিম্বাবুয়ে। সর্বমোট অবশ্য ৫৬টি ম্যাচে ৩০টি ম্যাচ বাংলাদেশের, বাকি ২৬টি জিম্বাবুয়ের।
বুলাওয়ের পরিসংখ্যান দেখেই কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাক্তার দেখাতে এসে জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজা জোর দিয়েই বললেন, ‘ওয়ানডে সিরিজটি আমরা জিতবো। বুলাওয়ের মাঠে খেলা হলেই আমাদের ভেতরে অন্যরকম কিছু কাজ করে। নিজেদের মনোবলও বেড়ে যায়। তাই দেখবেন ওয়ানডে সিরিজ আমরাই জিতবো।’
