সাভারে আহতদের পাশে স্পিকার

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:১২
নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রানা প্লাজার ঘটনায় আহতদের চিকিত্সার অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেয়ার জন্যে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে পরিদর্শন করেন। তিনি চিকিত্সাধীন আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আশু আরোগ্য কামনা করেন। এ সময় সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি উপস্থিত ছিলেন। পরে তিনি সাভারে ধ্বংসস্তূপ ঘুরে দেখেন। নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এর আগে বুধবার ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, স্পিকার হিসাবে তাঁর এ দায়িত্বগ্রহণ দেশের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি মাইলফলক। তিনি জাতীয় প্রয়োজনে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে স্পিকার হিসাবে তাঁর উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সূচারুভাবে পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।