ছয় তলার অনুমতি নিয়ে ১০ তলা করেছি

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:১৩
ছয় তলার অনুমতি নিয়ে ১০ তলা করেছি। সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক ও যুবলীগ নেতা সোহেল রানা পুলিশ রিমান্ডে এ কথা বলেছেন। তিনি জানান, ভবনটির জন্য ১০ তলার অনুমতি চাওয়া হয়েছিল। সাভার পৌরসভা ৬ তলার অনুমতি দেয়। সে অনুযায়ী তন্ময় হাউজিং নামে এক ডেভেলপার কোম্পানিকে দিয়ে তিনি কাজ শুরু করেন; কিন্তু নির্মাণ কাজ নিয়ে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে তিনি তন্ময় হাউজিংকে বিদায় করে দেন। পরে নিজ উদ্যোগেই ১০ তলা ভবনের নির্মাণ কাজ শেষ করেন। ১৫ দিন রিমান্ডের তৃতীয় দিনে গতকাল ঢাকা জেলা গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দিয়েছেন রানা। ঢাকা জেলার সংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ভবন মালিক এবং গার্মেন্টস মালিকদের জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে তারা নিশ্চিত যে— দলিলে ঐ জমির মালিক রানার বাবা আব্দুল খালেক হলেও ভবন নির্মাণ কাজ করেছেন সোহেল রানা। রিমান্ডে গার্মেন্টস মালিকদের দায়ী করে রানা বলেছেন, গার্মেন্টস মালিকরা তার অনুমতি না নিয়ে বিভিন্ন ফ্লোরে ভারি মেশিন ছাড়াও দুইটি বড় জেনারেটর বসায়। গোডাউনে অতিরিক্ত মালামাল রাখে। ভারি জিনিসপত্রের চাপ সামলাতে না পেরে ভবনটি ধসে পড়ে। পুলিশকে রানা জানায়, ভবন তৈরির আগে তন্ময় হাউজিংয়ের সঙ্গে ৬১ ভাগ এবং ৩৯ ভাগের ভিত্তিতে চুক্তি হয়েছিল। ভবন নির্মাণে অতিরিক্ত সময় লাগবে এমন আশঙ্কায় পরে সে চুক্তি বাতিল করে দেন। তবে ওই প্রতিষ্ঠানের দুই থেকে তিন জন প্রকৌশলীকে তিনি ভবন নির্মাণে কাজে লাগান। ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দুইটি বিষয়কে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদ চলছে। একটি হলো— ভবন নির্মাণে কি ধরনের অনিয়ম-দুর্নীতি হয়েছে। অন্যটি হলো- আগের দিন ফাটল দেখা সত্ত্বেও কেন, কারা, কিভাবে শ্রমিকদের ভবনে যেতে বাধ্য করলো? এ সব বিষয়ে রানা এবং গার্মেন্টস মালিকদের কাছ থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।