দিনাজপুরের দীঘিপাড়া কয়লা খনি উন্নয়ন কাজ শুরু করছে পেট্রোবাংলা

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:১৪
দিনাজপুরের দীঘিপাড়া কয়লা খনি উন্নয়নের প্রাথমিক কাজ শুরু করতে যাচ্ছে পেট্রোবাংলা। কয়েক মাসের মধ্যেই এজন্য ভূমি জরিপ ও খনন কাজ শুরু করা হবে। সাত বছর আগে উন্নয়ন কাজের অনুমতি পেলেও কোন কাজ করেনি পেট্রোবাংলা। বড়পুকুরিয়া কয়লাখনির জনবল দিয়ে এই কয়লাখনিতে দ্বিমাত্রিক জরিপ ও কূপ খননের কাজ করা হবে। প্রসঙ্গত, দেশে একমাত্র বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। ২০০৫ সাল থেকে এ খনি থেকে কয়লা তোলা হচ্ছে। দীঘিপাড়া কয়লা খনি উন্নয়নের কাজ শুরু হলে এটি হবে দেশের দ্বিতীয় খনি, যেটি কয়লা উত্তোলন প্রক্রিয়ার আরেকটি ধাপ পেরুলো। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) সূত্র জানায়, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পাশে নবাবগঞ্জের দীঘিপাড়া কয়লাখনিতে সাত বছর আগে কাজ করার অনুমতি পায় পেট্রোবাংলা। ১৯৯৫ সালে দীঘিপাড়া কয়লাখনিটি আবিষ্কার করে জিএসবি। এরপর খনিজ উন্নয়ন ব্যুরো (বিএমডি) খনিটি উন্নয়নের জন্য ২০০৬ সালে পেট্রোবাংলাকে ইজারা দেয়। কিন্তু গত সাত বছরে কোনো কাজই করেনি পেট্রোবাংলা। ইজারার মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন করে ইজারার মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছে বিভাগ। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর ইত্তেফাককে বলেন, পেট্রোবাংলা ইজারা নিলেও বহুদিন দীঘিপাড়া খনিটি পড়ে ছিল। এখন এক্ষেত্রে কাজের পরিকল্পনা করা হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাধ্যমে এ খনিতে নতুন করে মজুদ নির্ধারণের জন্য দ্বিমাত্রিক জরিপ করা হবে। এরপর মজুদ নিশ্চিত করতে কূপ খনন করা হবে।