গোবিন্দগঞ্জে অপহরণের পর ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:১৫
গোবিন্দগঞ্জ উপজেলায় কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রকি মিয়া (৭) নামে এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত হিরন মিয়া নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রবাসী মাহিফুল ইসলামের ছেলে রকি বন্ধুদের সাথে বাড়ির পাশে ঘুড়ি উড়াতে যায়। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে কৌশলে রকিকে অপহরণ করে। ওইদিন বিকালেই এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ হিরণকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির গোয়ালঘর থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে অপহরণের পর ওই শিশুকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হিরণ পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।