পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আগামীকাল শনিবার রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জনশক্তি, বিদ্যুত্, বাণিজ্য, বিনিয়োগ ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম এবং আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ পক্ষ এসব ইস্যু নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি আরবে কর্মরত প্রায় ২৫ লাখ বাংলাদেশ শ্রমিকের ইস্যু প্রাধান্য পাবে। ডা. দীপু মনি বাংলাদেশি শ্রমিক আমদানি পুনরায় শুরু করা এবং কর্মরত শ্রমিকদের বিভিন্ন ইস্যু তুলে ধরবেন। বিদ্যুত্ খাতে বিনিয়োগ, সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, পর্যটন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করবে। সৌদি বিনিয়োগকারীরা ইতিমধ্যে এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। কৃষি ও ধর্মক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা হবে।
পররাষ্ট্রমন্ত্রী সুইজারল্যান্ড থেকে আজ শুক্রবার রিয়াদ পৌঁছবেন। তিনি আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। গত বছর মার্চ মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডা. দীপু মনির সর্বশেষ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
