আমার দেশ সম্পাদকের মুক্তি চান সুপ্রিম কোর্টের ১১৯ আইনজীবী

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:১৬
আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকার ছাপাখানা খুলে দেয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের ১১৯ আইনজীবী। এক যুক্ত বিবৃতিতে আইনজীবীরা বলেন, সরকার মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জনপ্রিয় কলামিস্ট ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সরকার তার দুর্নীতি ও অপকর্ম ঢাকতেই পত্রিকাটির ছাপাখানায় জোরপূর্বক তালা লাগিয়ে দিয়েছে। আমরা মাহমুদুর রহমানের মুক্তি ও ছাপাখানা খুলে দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আইনজীবীরা আরো বলেন, অতীতে যারাই স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করেছে তাদের শেষ পরিণতি ভাল হয়নি। বিবৃতিতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক সাইদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাদা, এবিএম ওয়ালিউর রহমান, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, মো. আশরাফ উজ্জামান, শেখ রেজাউল করিম প্রমুখ।