জুলাই থেকে থাকছে না পিএসআই

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:১৬
আমদানি করা পণ্য দ্রুত খালাস করার পাশাপাশি শুল্কায়ন পদ্ধতি সহজ করার লক্ষ্যে ১৪ বছর আগে প্রণীত পিএসআই (প্রি শিপমেন্ট ইন্সপেকশন) প্রথা অবশেষে বাতিল করা হচ্ছে। এ পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে ব্যবসায়ীদের ক্রমাগত অভিযোগের প্রেক্ষাপটে আগামী জুলাই মাস থেকে পিএসআই প্রথা বিলোপ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এক প্রাক বাজেট মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন। আসন্ন বাজেটে দেশীয় শিল্প সংরক্ষণ, মধ্যবর্তী কাঁচামালের তুলনায় মৌলিক কাঁচামালের আমদানি শুল্ক হ্রাস এবং বিদ্যমান ট্যারিফ কাঠামোকে আরও যৌক্তিক করার উদ্যোগ নেয়া হবে বলেও তিনি মতবিনিময় সভায় উল্লেখ করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়েছে। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ট্রেডবডির প্রতিনিধি ও এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। মতবিনিময় সভায় আসন্ন বাজেটে অন্তর্ভুক্তির জন্য চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শুল্কমুক্তভাবে যন্ত্রাংশ আমদানির সুবিধা দিয়ে উপজেলা বা থানাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ স্থাপন, আমদানিকৃত জাহাজের তুলনায় দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক হ্রাস, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে চার লেনের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে বিশেষ বরাদ্দ, এসএমই টার্নওভার ২৪ লাখ টাকা থেকে ৩০ লাখ টাকা করা, ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ২ লাখ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকায় উন্নীত করা এবং পিএসআই পদ্ধতি বাতিল করা।