সাভার ট্র্যাজেডির পর কমিটি গঠনের হিড়িক

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:১৭
সাভারের রানা প্লাজা ট্রাজেডির পর সরকারের বিভিন্ন দপ্তর ও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র পর থেকে একের পর এক কমিটি গঠন হচ্ছে। কারখানা ধসের কারণ উদঘাটন ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করতে এসব কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশেষত বুয়েটের প্রকৌশলীদের বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় ঝুঁকিপূর্ণ কারখানা ভবন চিহ্নিত করতে ৫ সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গতকাল বৃহস্পতিবার গঠন করা হয়েছে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদার নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মুজিবুর রহমান, সংসদ সদস্য ফজলুল আজীম, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান। এই কমিটির জন্য রাজউক সদস্য শেখ আব্দুল মান্নানকে আহবায়ক করে আরেকটি কারিগরি কমিটিও গঠন করা হয়েছে। আর রাজউক বহির্ভূত এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে বিজিএমইএতে একটি সেল খোলা হচ্ছে। এই সেল আলাদাভাবে ঝুঁকিপূর্ণ কারখানা ভবন চিহ্নিত করার কাজ করবে। রাজধানীর বিজিএমইএ’র সম্মেলন কক্ষে গতকাল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম। এর আগে সরকার ও বিজিএমইএ’র তরফ থেকে সাভারের রানা প্লাজা ধসের কারণ উদঘাটনে আলাদা দুটি কমিটিও গঠন করা হয়েছে। বিজিএমইএ’র প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রানা প্লাজায় অবস্থিত ৫টি কারখানার শ্রমিকদের বেতন-ভাতা চলতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। ওই সব কারখানায় শ্রমিকদের তালিকা না পাওয়ায় বীমা কোম্পানির কাছ থেকে তালিকা সংগ্রহ করে বিকল্প উপায়ে শ্রমিকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এতে আরো জানানো হয়, সাভারের এনাম মেডিক্যালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো ৫৪৭ জন চিকিত্সাধীন রয়েছেন। আহত শ্রমিকদের সেরে উঠতে বিজিএমইএ’র পক্ষ থেকে যথাযথ সহায়তা করা হবে বলে আশ্বাস দেয়া হয়। সাভারে শিল্পের নিরাপত্তা জোরদারের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সভাপতিত্বে গতকাল পোশাক শিল্পখাতের নিরাপত্তা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিএমইএ’র নেতৃবৃন্দ সাভার এলাকায় শিল্প বিশেষত গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি জানান। শ্রমিকদের মধ্যে যাতে গুজব না ছড়ায় এজন্য নিয়মিত তদারকির জন্যও একটি কমিটি গঠন করা হয়েছে। শ্রমমন্ত্রী এ কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ইত্তেফাককে তিনি বলেন, টানা কয়েকদিন পর গতকাল প্রায় স্বাভাবিকভাবে কারখানা চলেছে। কিন্তু সাভার এলাকায় বিপদ এখনো কাটেনি। এ জন্য এই এলাকার কারখানার নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি। এ এলাকা থেকেই এককভাবে মোট গার্মেন্টসের প্রায় ২০ শতাংশ রপ্তানি হয়। সভায় অন্যদের মধ্যে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, সহ-সভাপতি এস এম মান্নান কচি, বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেমসহ সরকারের নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।