বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মিজানুর রহমান লিটন (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছে। গত বুধবার রাতে জিয়ানগর-বারাহী রাস্তার মাঝামাঝি চেংগাড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, স্টক ব্যবসায়ী লিটন উপজেলার ছোট নিলাহালী কড়িতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার পথ রোধ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় তার আত্মচিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বারাহী পশ্চিমপাড়া গ্রামের আকামুদ্দিন শাহ, বায়োজিত প্রামানিক ও ছোট নিলাহালী গ্রামের মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহতের বড় ভাই জুলফিকার আলী দুলাল বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ইতিমধ্যে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত লিটন উপজেলার জিয়ানগর ইউনিয়নের বারাহী পশ্চিমপাড়া গ্রামের আতরাজ আলীর পুত্র।
