আফ্রিকা মহাদেশের রাষ্ট্র ঘানায় সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল বারিক (৪৬) নামের এক বাংলাদেশি এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ফৌজিয়া আলম নামের অপর এনজিও কর্মী গুরুতর আহত হয়েছেন। গত বুধবার দেশটির তামেল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
সূত্র মতে, ওয়েস্ট ন্যাদারল্যান্ডস নামক একটি সংগঠনের কর্মশালায় যোগ দিতে গত ২৭ এপ্রিল বাংলাদেশ থেকে ‘প্রাক্টিকেল একশন বাংলাদেশ’ নামক এনজিওর মো. আব্দুল বারিক ও ‘আশা’ এনজিওর এইচপি প্রকল্পের ফৌজিয়া আলম ঘানায় যান। গত বুধবার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই মো. আব্দুল বারিক নিহত এবং ফৌজিয়া আলম গুরুতর আহত হন। বর্তমানে ফৌজিয়া স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন রয়েছেন। নিহত বারিক সাতক্ষীরায় কর্মরত এনজিও ‘প্রাক্টিকেল একশন বাংলাদেশ’ এর সিনিয়র প্রজেক্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়।
