এয়ারটেলের শতভাগ মালিকানায় যাচ্ছে ভারতী

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:১৮
মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের শতভাগ মালিকানা পাচ্ছে ভারতী এয়ারটেল। গতকাল বৃহস্পতিবার ভারতী এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ভারতী এয়ারটেলের সহযোগী প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল হোল্ডিংস (সিঙ্গাপুর) পিটিই. লিমিটেডের সঙ্গে ওয়ারিদ গ্রুপের একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় এয়ারটেল বাংলাদেশ লিমিটেডে ওয়ারিদের ৩০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করবে ভারতী। এর মাধ্যমে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের শতভাগ মালিকানা পাবে ভারতী। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই চুক্তি অনুযায়ী মালিকানা হস্তান্তর বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা ও আইনানুগ অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। ২০১০ সালের জানুয়ারিতে ওয়ারিদ টেলিকম বাংলাদেশের ৭০ শতাংশ মালিকানা কিনে নেয় ভারতী। তখন মোবাইল ফোন অপারেটর ওয়ারিদের নাম পরিবর্তন করে রাখা হয় এয়ারটেল।— সংবাদ বিজ্ঞপ্তি