হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমরা দেশে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকায় অবতীর্ণ হব না। আমাদের লক্ষ্য ঈমান ও ইসলামের হেফাজত। আমরা আমাদের এই দাবির প্রশ্নে অটল ও অবিচল আছি। তিনি বলেন, ১৩ দফা দাবি সম্পর্কে আমরা স্পষ্ট ভাষায় ব্যাখ্যা দিয়েছি। এরপরও যারা বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা ইসলামের শত্রু। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে ঈমানি দাবি আদায় করা ছাড়া ঘরে ফিরব না। আমাদের সব দাবিই গ্রহণযোগ্য। সরকার এ দেশের ধর্মপ্রাণ মানুষের ঈমানী দাবি পূরণ না করলে ক্ষমতায় থাকার অধিকার হারাবে। ইসলামের বিরোধিতা করে এ দেশে কেউ টিকে থাকতে পারবে না।
১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে হেফাজতের চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে বিভিন্ন মহল থেকে ওঠা নানা প্রশ্নের পরিপ্রেক্ষিতে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান কার্যালয় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে সংগঠনের প্রেসসচিব এই লিখিত বক্তব্য গণমাধ্যম কর্মীদের মাঝে বিতরণ করেন।
আল্লামা শফী বলেন, দেশের ১৬ কোটি মানুষ আমাদের দাবির সাথে একমত। সরকার এখন পর্যন্ত কোনো দাবি মানার ঘোষণা দেয়নি। ফলে আমরা ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছি। দাবি আদায়ে প্রয়োজনে এ দেশের তৌহিদী জনতা আন্দোলন আরো জোরদার করবে।
১৩ দফায় ভাস্কর্য ও নারী প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমরা ১৩ দফার পরিষ্কার ব্যাখ্যা দিয়েছি। এরপর আর বির্তকের কোন সুযোগ নেই। যারা বিতর্ক তৈরি করছে তারা ইসলাম বিদ্বেষী নাস্তিক চক্র। আমরা শাহবাগী নাস্তিকদের গ্রেফতার ও শাস্তি চাইছি।
তিনি বলেন, সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে পুরো জাতিকে ঈমানহারা করছে, আলেমরা অনেক ধৈর্য্য ধরেছে। এখন আর বসে থাকার সময় নেই।
ভোটের রাজনীতির সঙ্গে হেফাজতের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে আল্লামা শফী বলেন, রাজনীতি, ভোট এগুলো অন্য বিষয়। আমরা শুরু থেকেই বলে আসছি, হেফাজতে ইসলাম অরাজনৈতিক ঈমানী আন্দোলন। এখানে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
তিনি বলেন, ২০১০ সালে কোরআন বিরোধী নারী নীতি চালু হওয়ার পর হেফাজতে ইসলামের নামে আন্দোলন শুরু করি। আমাদের কাজ হচ্ছে ঈমান ইসলামের ওপর যখনই কেউ আঘাত করবে, তার জোরালো প্রতিবাদ করা।
হেফাজত আমীর বলেন, বর্তমান সরকার যে শিক্ষানীতি দিয়েছে তাতে ধর্মশিক্ষা প্রায় উঠিয়ে দিয়েছে। তাই শিক্ষানীতি সংশোধন করে প্রাথমিক পর্যায় থেকে ধর্মশিক্ষা তথা ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা আমাদের দাবি।
লংমার্চে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন, এলডিপি নেতার হেলিকপ্টারে চড়ে বগুড়া যাওয়া প্রসঙ্গে আল্লামা শফী বলেন, আমরা দলীয় বিবেচনায় বা দলীয় ভিত্তিতে কোনকিছু দেখিনি, দেখছি না এবং দেখতে চাই না। যে যেভাবে পারছে আমাদেরকে সহযোগিতা করছে। এতে বিব্রত হওয়ার কিছু নেই।
আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে হেফাজতের বিরোধিতা, সংগঠনের আমীরের ফাঁসির দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ১৩ দফা দাবির সাথে দেশের হক্কানী আলেমদের কোন দ্বিমত থাকতে পারে না।
৫ মে’র ঢাকা ঘেরাও কর্মসূচির লোক সমাবেশ, আয়োজনের অর্থায়ন প্রসঙ্গে আল্লামা শফী বলেন, ৬ এপ্রিলের লংমার্চের চেয়ে আরো জোরদারভাবে এই কর্মসূচি পালিত হবে। সবাই ঈমানী চেতনা থেকে নিজ পকেটের টাকা খরচ করে কর্মসূচি পালন করছেন। সামর্থ্য অনুযায়ী অন্যকেও সহযোগিতা করছেন।
১৩ দফা দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে হেফাজত আমীর বলেন, শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
