প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করল হেফাজত

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:২২
সাভারে ভবনধসে ব্যাপক প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরকারি প্রতিনিধি দলের ঢাকা ঘেরাও কর্মসূচি প্রত্যাহারের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে হেফাজতে ইসলাম। গত বুধবার রাতে নগরীতে ধর্মভিত্তিক এই সংগঠনের আমীর আল্লামা শফীর সঙ্গে সাক্ষাত্ করে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানায় প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল। এই দলে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম। এসময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হয় বলে জানা গেছে। বৈঠক শেষে সাংবাদিকরা হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দাবি-দাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে সাভার দুর্ঘটনার কারণ দেখিয়ে ঢাকা অবরোধ বন্ধ করার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু আমরা হেফাজতের পক্ষ থেকে তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, সরকার যদি স্পষ্ট করে আমাদের দাবি মানার ঘোষণা দেয়, তাহলেই এ ব্যাপারে আমরাও সদিচ্ছার প্রমাণ রাখব। প্রধানমন্ত্রীর প্রতিনিধিদের আমরা আরও জানিয়ে দিয়েছি যে সাভার ট্রাজেডির ঘটনায় আমরা একটি তহবিল গঠন করব। তবে ঢাকা ঘেরাও উপলক্ষে হেফাজত কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানান সংগঠনটির মহাসচিব। বৈঠকে আল্লামা শফি ও আল্লামা জুনায়েদ ছাড়াও হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতি জসিম, মাওলানা আনাস আলমাদানী ও আমীরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ। প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমদ প্রমুখ। এদিকে রবিবার ঢাকা ঘেরাও কর্মসূচি উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানী অভিমুখে হেফাজতে ইসলামের বাস যাত্রা শুরু হবে। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ এবং হাটহাজারী, ফটিকছড়িসহ জেলার বিভিন্ন স্থান থেকে হেফাজত নেতাকর্মীরা বাসযোগে রাজধানী অভিমুখে রওনা হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।