বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশের নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, কারখানায় শ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো। শ্রমিকদের নিম্ন বেতনের কথা জেনে তিনি ব্যথিত বলেও মন্তব্য করেন। বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ারে এক সমাবেশে পোপ এ মন্তব্য করেন। খবর বিবিসির।
গত ২৪ এপ্রিল রাজধানীর অদূরে সাভারে রানা প্লাজা নামের একটি ভবন ধসে এ পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৫শ’র বেশি। পোপ বলেন, কিছু শ্রমিকের মাসিক বেতন মাত্র ৩৮ ইউরো (৫০ ডলার)। এই পরিমাণ মজুরি দেয়ার খবরে তিনি খুবই ব্যথিত বলে জানান। তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের কিছু সৃষ্টি করার, কাজের সক্ষমতা এবং মর্যাদা দিয়েছেন। কিন্তু এইসব সুন্দর গুণাবলির বিরুদ্ধে আজ বিশ্বে এই দাসপ্রথা পরিচালিত হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভালো চাকরি না দিয়ে, কেবল ব্যালেন্স শিট তথা লাভ-লোকসানের দিকে নজর দেয়া হচ্ছে এবং শুধু মুনাফা তৈরির ব্যবস্থা চলছে। আর এগুলো সৃষ্টিকর্তার বিরুদ্ধ কাজ বলে মন্তব্য করেন পোপ।
