ঢাকা অবরোধে ব্যাপক প্রস্তুতি

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:২৩
সরকারের সঙ্গে আর কোনো দেন-দরবার বা আলোচনা নয়, আগামী রবিবার ঢাকা অবরোধে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। আল্টিমেটাম অনুযায়ী সরকার ৩০ এপ্রিলের মধ্যে ১৩ দফা দাবি মেনে না নেয়ায় এবং এ ব্যাপারে কোনো ইতিবাচক মনোভাব না দেখানোর কারণে অবরোধ কর্মসূচি সর্বাত্মক সফল করার দিকেই এখন পূর্ণ মনোযোগ দিয়েছেন নিজেদের ‘অরাজনৈতিক’ দাবি করা এই সংগঠনের শীর্ষ নেতারা। প্রস্তুতি নেয়া হয়েছে আগামী রবিবার ৫ মে শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে রাজধানীকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার। এজন্য সাতটি জোনে দেশকে ভাগ করেছেন তারা। ঢাকার চারপাশে মোট নয়টি স্পটে ওইদিন ফজরের নামাজের পর থেকেই অবস্থান নেবেন সংগঠনটির নেতা-কর্মী-সমর্থকরা। এসময় রাজধানীমুখী সবগুলো সড়ক-মহাসড়ক ও সংযোগ সড়কের পাশাপাশি রেল ও নদীপথও অবরোধের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর কয়েকটি স্থানসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করার কথা রয়েছে। সংগঠনের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহ আহমদ শফীসহ শীর্ষ নেতারা আজ রাতের মধ্যেই রাজধানীতে এসে পৌঁছবেন। অবরোধের আগেই আন্দোলনের পরবর্তী রূপরেখা চূড়ান্ত করতে নেতৃবৃন্দ আগামীকাল শনিবার পুরনো ঢাকার লালবাগে সংগঠনের ঢাকা মহানগর কার্যালয়ে বৈঠক করবেন। বাধা দিলে লাগাতার অবস্থান আল্লামা শফী ইতিমধ্যে সরকারের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, রবিবারের অবরোধ কর্মসূচিতে বাধা দেয়া হলে দেশ কোনদিকে যাবে বলা কঠিন। প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে প্রয়োজনে সরকার পতনের ডাক দেয়া হবে। তখন সরকারের পতন না ঘটিয়ে তারা আর ঘরে ফিরবেন না। সংগঠন সূত্রে জানা গেছে, ঢাকা অবরোধ কর্মসূচিতে যদি সরকার বাধা না দেয়, তাহলে ১৩ দফা দাবি মানতে সরকারকে নতুন করে সময় দিয়ে ফের আল্টিমেটাম দেয়া হবে। আর যদি সরকারের পক্ষ থেকে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাহলে হরতাল, এমনকি টানা অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হতে পারে। সূত্র জানায়, হেফাজতের কেন্দ্রীয় পর্যায় থেকে কর্মী-সমর্থকদের বলা হয়েছে- নির্ধারিত স্পটগুলোতে অবস্থান করতে দেয়া না হলে সামনের দিকে অগ্রসর না হয়ে সামান্য পিছনে গিয়ে অবরোধ করতে হবে। তাছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী যেখানেই বাধা দিবে সেখানেই হেফাজতের নেতা-কর্মীদের অবস্থান নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার ! হেফাজতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনে সহযোগিতা করা আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। নাশকতা কিংবা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে, এমন আশঙ্কা হেফাজতের নেতা-কর্মীরা করছেন না। কর্মসূচি পালনকালে যদি তেমন কিছু ঘটে তাহলে হেফাজত মনে করবে সরকার ও তাদের লোকজনই ঘটনার জন্য দায়ী। তিনি বলেন, হেফাজতের বক্তব্য পরিষ্কার, কোনো রাজনৈতিক দলের সঙ্গে এর সমপৃক্ততা নেই। দলমত নির্বিশেষে মুসলমানদের সাথে হেফাজতের সম্পৃক্ততা রয়েছে। ঢাকা মহানগর হেফাজতের নায়েবে আমীর মুফতি ফয়জুল্লাহ জানান, কোনো হুমকি, প্রলোভন ও দমন-পীড়ন চালিয়ে হেফাজতকে টলানো যাবে না। সংগঠনের প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল জানান, ৫ মে সারাদেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে হেফাজত দেশব্যাপী সমাবেশ করেছে। সংগঠনের সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ঈমানী আন্দোলন। ১৮ দলীয় জোটের সাথে এর কোনো ধরনের সম্পর্ক নেই। আগামীকাল শনিবার বিএনপির সমাবেশে হেফাজতের নেতা-কর্মীরা যাবেন না বলেও তিনি নিশ্চিত করেন । এদিকে হেফাজতে ইসলামকে ঢাকা অবরোধসহ পরবর্তী সম্ভাব্য আরও কঠোর কর্মসূচি থেকে নিবৃত্ত রাখার লক্ষ্যে নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ দফার বিষয়ে সরকারের সঙ্গে হেফাজতের কোনো মতৈক্য হয়নি। এ ব্যাপারে বগুড়ার সমাবেশে আল্লামা শফী বলেছেন ‘সরকার প্রতিদিন আমাদের কাছে লোক পাঠাচ্ছে। দাবি মেনে নেয়ার কথা বলছে, আবার আমাদের বিরুদ্ধে নারীসহ অনেককে ক্ষেপানো হচ্ছে। ১৩ দফাতে ‘নারী বিদ্বেষী’ এবং ‘সংবিধান ও প্রচলিত আইনের পরিপন্থী’ বলে প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, ‘সবই সরকারের ধোঁকাবাজি। আমরা আর সরকারের ধোঁকায় পা দেব না।’ ঢাকার চারদিকে ৯ স্পটে অবরোধ হেফাজত সূত্র জানায়, রবিবার রাজধানীকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ডেমরার সুলতানা কামাল ব্রিজ, কাঁচপুর (চিটাগাংরোড), পোস্তগোলা, বাবুবাজার ব্রিজ, নারায়ণগঞ্জের পঞ্চবটি, সাভার, আবদুল্লাপুরের সন্নিকটে ধৌড় ব্রিজ, টঙ্গী ও যমুনা সেতুর জয়বেদপুর অংশের বাইপাস এলাকায় হেফাজতের নেতা-কর্মী-সমর্থকরা ঐদিন ফজরের নামাজের পর থেকে অবস্থান নেবেন। অহিংস ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সর্বাত্মক সফল করার নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্র থেকে। রেল ও নদীপথও অবরোধ হবে ঢাকাকে বিচ্ছিন্ন করতে সবগুলো মহাসড়ক ও সংযোগ সড়কের পাশাপাশি রাজধানীর সঙ্গে সংযুক্ত রেল ও নদীপথগুলোও অবরোধের প্রস্তুতি নিয়েছে হেফাজতে ইসলাম। রেল যোগাযোগ বন্ধ করতে টঙ্গী জংশনের পর দু’দিকের দু’টি স্টেশনের নিকটবর্তী এলাকায় রেলপথ অবরোধ করার পরিকল্পনা নেয়া হয়েছে। অবরোধ করা হবে ঢাকার সদরঘাট এলাকায়ও। কন্ট্রোল রুম স্থাপন অবরোধ কর্মসূচি সমন্বয় করতে সারাদেশে নেতা-কর্মী-সমর্থকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষায় পুরনো ঢাকার লালবাগে হেফাজত কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশ থেকে ১৩ দফা দাবি জানানো হয়। এসব দাবি মেনে নেয়ার জন্য সরকারকে গত ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেয় তারা। এ সময়ের মধ্যে সরকার দাবি না মানায় পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৫ মে ঢাকা অবরোধ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম।