খালেদা জিয়াকে আলোচনায় বসার আহ্বান শেখ হাসিনার

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:২৪
দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে দাবি ওঠার পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন যেখানে খুশি বসি, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। যেকোন স্থানে যেকোন সময় সংলাপ হতে পারে। আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি আছি। তবে আমি মনে করি, আলোচনার স্থান হিসেবে পার্লামেন্ট সবচেয়ে উপযুক্ত, নিরাপদ ও নিরপেক্ষ জায়গা। এ কারণে এখানে বসলে সবচেয়ে ভাল হয়।’ শেখ হাসিনা বলেন, ‘আলোচনায় বসে আপনাদের দাবি-দাওয়া শুনি। আমাদের পক্ষ থেকে যেটুকু করার করব। দেশের জন্য যেটা ভাল সেটা করব।’ গতকাল সকালে গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে আরো বলেন, ‘দেশ শান্তিতে থাকুক, দেশের মানুষ নিরাপদে থাকুক সেটা আমরা চাই। হরতাল ডেকে মানুষ হত্যা করবেন না। আলাপ-আলোচনার মাধ্যমে যেটা ভালো হয়, সেটাই করি। দেশে গণতন্ত্র থাকুক—এটা আমরা চাই। কারণ গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হয় না।’ ২ মে’র হরতাল স্থগিত করায় বিরোধী দলীয় নেত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সংসদে নারী স্পিকার নির্বাচিত করে নারী ক্ষমতায়নে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছি। দেশের সংসদ প্রধান, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও সংসদ উপনেতাও নারী। তবে উনি (খালেদা জিয়া) যদি তার দলের সংসদ উপনেতা একজন নারীকে বানান, তাহলে আরো বেশি ভাল হয়। ওনাকে বলবো, উনি যেন তার দলের একজন নারীকে সংসদ উপনেতা বানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন।’ বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে আসুন। তিনজনের একসঙ্গে অন্তত একটা ছবি থাকুক। নারীর ক্ষমতায়নে আমরা যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছি তা সবাই দেখুক।’ প্রসঙ্গত, বর্তমান সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুন:প্রবর্তনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরাও দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছেন। এ নিয়ে হাইকোর্টে রিট আবেদনও হয়েছে, যাতে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে তার দলের অনাপত্তির কথা জানালেও এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতির দাবি সরকার মেনে নিলে তবেই সংলাপ হতে পারে। বিএনপি চেয়ারপার্সনের তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি যে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন, তারা তিন মাসের জন্য এসে, নির্বাচন দিতে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছিলেন। তিন মাসের স্থলে দুই বছর থেকেছেন। সরতেই চাননি। যেন মনে হয়, গ্লু দিয়ে আটকিয়ে গেছেন। বিরোধী দলীয় নেত্রী এবং আমাকে জেলে নিয়েছিল। তার ছেলেদের ধরে উত্তম-মধ্যম দিয়ে বিদেশে পাঠিয়েছিল। ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছিল, রাজনীতিবিদদের চরিত্র হরণ করা হয়েছিল। তাদের নির্যাতনের হাত থেকে কেউ রেহাই পায়নি। সেই পরিস্থিতি আমরা চাই না।’ শেখ হাসিনা বলেন, বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে আগামী নির্বাচন হবে। জনগণ যাকে ভোট দেবে সেই জয়ী হবে। নির্বাচন কমিশন এখন স্বাধীন।’ সাভারে ভবন ধসের মর্মান্তিক দুর্ঘটনায় সরকারের বিরুদ্ধে বিএনপির লাশ গুমের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদ মাধ্যমগুলো সাভারের ঘটনা ফলাও করে প্রচার করেছে। আমরা লাশ গুম করিনি। আমাদের কাছে মানুষের জীবনের মূল্য অনেক।’ তিনি বলেন, ‘লাশ গুমের ইতিহাস বিএনপির রয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘লাশ গুমের অভিযোগ করেছেন; আমাদের কাছে তালিকা দিন। গার্মেন্টসে কত লোক কাজ করতো, তার একটি তালিকা আমাদের কাছে আছে। খামাখা লাশ গুমের অভিযোগ করে জাতিকে বিভ্রান্ত করবেন না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সাভারের ঘটনায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, নৌবাহিনী, বিমানবাহিনীসহ স্বেচ্ছাসেবকগণ স্বতঃস্ফূর্ত উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ করেছেন। আর উনি (খালেদা জিয়া) সেনাবাহিনীসহ সকলকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এত তাড়াতাড়ি উদ্ধার কাজ ও এত মানুষ জীবিত উদ্ধার পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা।’ ‘যথাসময়ে সাভারে উদ্ধার কাজ সম্ভব হয়নি’—খালেদা জিয়ার এমন অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে খবর পাই। ২০ মিনিটের মধ্যেই উদ্ধার কাজ শুরু হয়। উনি কী করে জানলেন উদ্ধার কাজ দেরি হয়েছে। উনি তো ঘুম থেকে দেরি করে উঠেন।’ রাষ্ট্রপতির শপথ নেয়া ও সংসদ অধিবেশন চালু রাখা নিয়ে খালেদার অভিযোগের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির শপথ এজন্য হয়েছে যে, যত তাড়াতাড়ি শপথ অনুষ্ঠান শেষ করে দায়িত্ব দেয়া যায় ততই দেশের জন্যে মঙ্গল। তাছাড়া সংসদ অধিবেশন চালু রাখা হয়েছে উদ্ধার কাজসহ সার্বিক বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করার জন্য। দুর্যোগের সময় নারায়ণগঞ্জের বিএনপির শ্রমিক সমাবেশের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সমাবেশ না করে সেখানে ব্যয় করা অর্থগুলো অসহায় দুর্গতদের মাঝে দিতে পারতেন। ওই সমাবেশে সরকারের বিরুদ্ধে কলকারখানা বন্ধের অভিযোগ করে খালেদার বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘যেখানে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন সেখানেই আদমজী জুট মিল ছিল। এ মিলে ২৫ হাজার শ্রমিক কর্মরত ছিল। এক কোটি মানুষ এর সঙ্গে সম্পৃক্ত ছিল। বিএনপি তাদের শাসনামলে তা বন্ধ করে শ্রমিকদের পেটে লাথি মেরেছিল।’ সূচনা বক্তব্যের পর শেখ হাসিনার সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লা খান পনীর। জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমসহ উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহিলা আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন দলের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, কাজী জাফর উল্লাহ, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।