ধসে যাওয়ার ১৬ ঘণ্টা আগে সাভারের রানা প্লাজা সরেজমিনে পরিদর্শন করেন সাভারের উপজেলা নির্বাহী অফিসার মো: কবির হোসেন সরদার। পরিদর্শন শেষে সকলকে আশ্বস্ত করে বলেছিলেন, সেখানে সামান্য ফাটল দেখা দিয়েছে। এটি এমন কিছু না। ভয় পাবেন না। স্বাভাবিক কাজ চালাতে কোন অসুবিধা নেই।
রানা প্লাজার দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বহুতল এ ভবনটিতে ফাটল দেখা দেয়ার পর দোকান মালিক ও গার্মেন্টস কর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ভবন ছেড়ে চলে যান। বিজেএমইএ প্রতিনিধি দল ঝুঁকিপূর্ণ এ ভবনটি পরিদর্শন করে। বুয়েট বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা না করা পর্যন্ত গার্মেন্টস বন্ধ রাখার জন্য তারা মালিকদের পরামর্শ দেন। পরে ভবনে তালা লাগিয়ে দেয় শিল্প পুলিশ। ভয়ে দোকান মালিক ও ব্যাংক কর্মকর্তারা আর ভবনে প্রবেশ করেননি। স্থানীয় এক প্রকৌশলীকে নিয়ে এসে রানা ভবনের ফাটল দেখালে তিনিও ভবন বন্ধ রাখার পক্ষে মত দেন।
এ অবস্থায় ভবনের মালিক সোহেল রানা মার্কেট ও গার্মেন্টস চালু রাখার কৌশল খুঁজতে থাকেন। ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন সরদারের কাছে। তাকে ভবন পরিদর্শন করতে সম্মত করান। ২৩ এপ্রিল বিকালে রানা প্লাজা পরিদর্শন করেন সাভারের উপজেলা নির্বাহী অফিসার মো: কবির হোসেন সরদার। এরপর একান্তে বৈঠক করেন ভবন মালিক সোহেল রানার সঙ্গে। পরে তিনি গণমাধ্যমকেও বলেন, রানা প্লাজার কয়েকটি জায়গায় সামান্য ফাটল দেখা দিয়েছে। এতে আশংকা ও ভয়ের কিছু নেই। স্বাভাবিক কাজকর্ম চালাতে কোন অসুবিধা নেই।
তার এ বক্তব্যের পর ভবন মালিক সোহেল রানা নিজস্ব প্রভাব বলয় বিস্তার করে গার্মেন্টস খোলা রাখার ব্যবস্থা করেন এবং গার্মেন্টস মালিকদের সঙ্গে যোগসাজশে চাকরি চলে যাবার ভয় দেখিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেন। এর পরের ঘটনা সবারই জানা। উপজেলা নির্বাহী অফিসারের ঘোষণার ১৬ ঘণ্টা পর ২৪ এপ্রিল সকালে কাজে যোগ দেয়ার ৪৫ মিনিটের মধ্যেই ধসে পড়ে রানা প্লাজা। মৃত্যুকূপে আটকে যান হাজার হাজার শ্রমিক। এ ঘটনার পর মার্কেটের দোকান মালিক, শ্রমিক ও এলাকার অনেকে ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, উপজেলা নির্বাহী অফিসার যদি ঐদিন সবাইকে আশ্বস্ত না করতেন, তাহলে হয়ত শ্রমিকরা কাজে যোগ দিতেন না। শুরু হতো না ভয়াবহ এ মৃত্যু মিছিল। এ ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেয়ার জন্যে মুঠোফোনে বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
