সাভারের উদ্ধার কাজের সুবিধার্থে আগামী ৫ মে’র অবরোধ কর্মসূচি তুলে নেয়ার জন্য হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর খিলগাঁও এর জোড়াপুকুর মাঠে ১৪ দলের উদ্যোগে আয়োজিত জনসভায় নেতারা এ আহ্বান জানান। বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, জামায়াত নিয়ে কুলিয়ে উঠতে না পেরে হেফাজতকে নিয়ে মাঠে নেমেছে বিএনপি। তবে হেফাজতকে দিয়ে প্রক্সি দিয়ে হোক আর সরাসরি হোক আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা ১৪ দলকে ঠেকাতে পারবেন না। তিনি বলেন, হেফাজতে ইসলাম নারীদের বন্দী করতে চায়। তারা বলে নারী নেতৃত্ব হারাম। হেফাজত ইসলামকে পরিষ্কার করতে হবে তারা খালেদাসহ বিএনপির সাথে নেমেছেন নাকি খালেদা ছাড়া বিএনপির সাথে নেমেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেন, উনার বড় খায়েশ আবার ক্ষমতায় আসবেন। নিজে হরতাল দিয়ে ব্যর্থ হয়ে এখন হেফাজতকে মাঠে নামিয়েছেন। কিন্তু এতেও তিনি ব্যর্থ হবেন।
হেফাজতকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, স্বাধীনতা মানবেন না, মুক্তিযুদ্ধ মানবেন না। আবার বলবেন সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সংসদে সংবিধান পরিবর্তন হবে না। আমরা দাবি মেনে সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নেইনি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিরোধী দল বলেছে তত্ত্বাবধায়ক মানলে তারা আলোচনায় বসবে। আমি বলি শর্ত দিয়ে কখনো আলোচনা হয় না। শর্ত দেয়া হয় আলোচনা বানচাল করার জন্য। হেফাজতের দাবি প্রসঙ্গে তিনি বলেন, হেফাজত যে ১৩ দফা দিয়েছে, তাতে কোন ছাড় দেয়ার অবকাশ নেই। এদের দাবি মানলে দেশ মধ্যযুগে ফিরে যাবে, গণতন্ত্র ধ্বংস হবে।
সাভারের উদ্ধার কাজের সুবিধার্তে ৫ মে অবরোধ তুলে নিতে হেফাজতের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আপনাদের দাবি নিয়ে আলোচনায় বসুন। অবরোধের কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ বাড়াবেন না। প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান বিষয়ে হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ ও সুষ্ঠু করা যায় সেটা নিয়ে আলোচনা হতে পারে।
